সমালোচনা উপেক্ষা করে এগিয়ে চলেছে ‘আলফা’

আলিয়া ভাট অভিনীত সিনেমা আলফা বিশ্বব্যাপী মুক্তি পায় ৩ জুলাই। মুক্তির আগে থেকেই বিতর্কের মুখে পড়ে সিনেমাটি।

ট্রেলার প্রকাশের পর নেটিজেনদের একটি বড় অংশ সিনেমার গল্প, দৃশ্য ও আলিয়ার অ্যাকশন নিয়ে সমালোচনায় মেতে ওঠে। অনেকেই এটিকে পরিকল্পিত ট্রলিং বলেও মনে করছে। কিন্তু সমালোচনা উপেক্ষা করেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছে দর্শক।

যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি গত সোমবার আয় করেছে প্রায় ৪ কোটি রুপি। সাধারণ কর্মদিবসেও দর্শক হলমুখী হচ্ছে। অর্থাৎ দর্শক সিনেমাটি পছন্দ করেছে। মুক্তির প্রথম দিনই ভারতের বক্স অফিসে সিনেমাটি আয় করে ৯ কোটি ২৫ লাখ রুপি। মুক্তির প্রথম চারদিনে বিশ্বজুড়ে মোট আয় ছাড়িয়ে গেছে ৬৩ কোটি রুপি।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দুজন নারী—আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। মূলধারার বলিউড অ্যাকশন সিনেমায় নারীকেন্দ্রিক এমন সিনেমা এর আগে খুব কমই দেখা গেছে। শিব রাওয়াইল পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন ববি দেওল ও অনিল কাপুর। বিশেষ চরিত্রে চমক দেখিয়েছেন হৃতিক রোশন।

সিনেমাটির সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দর্শক প্রতিক্রিয়া। যারা সিনেমা দেখে বের হয়েছেন, তারা সিনেমাটির প্রশংসা করেছেন। সে প্রশংসা মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক রিভিউ আর বাস্তবের দর্শক—এ দুটো সবসময় এক নয়। মানুষ শেষ পর্যন্ত নিজের পছন্দেই সিনেমা দেখতে যায়, অনলাইনের ট্রেন্ড দেখে নয়।

চলচ্চিত্র বিশ্লেষকদের কাছে আলফা একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ভার্চুয়াল দুনিয়ার বিরোধিতাকে পেছনে ফেলে বড় পর্দায় কীভাবে মাথা তুলে দাঁড়ানো যায়, সেটা এ সিনেমা দেখিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত আলফা যদি বড় বাণিজ্যিক সাফল্য পায়, তাহলে এটি বলিউডের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। প্রমাণ হবে যে ট্রলিং বা কৃত্রিম নেতিবাচকতা কখনো সত্যিকারের ভালো সিনেমাকে থামাতে পারে না।

সূত্র: বলিউড হাঙ্গামা

আরও