উৎসবের এ আমেজে ছোট পর্দার দর্শককে বিনোদন দিতে ঈদের দিন থেকে টানা সপ্তম দিন পর্যন্ত চ্যানেল আইয়ের পর্দায় প্রদর্শিত হবে সাতটি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার। সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।
ঈদের দিন সকালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের প্রথমে থাকছে চলচ্চিত্র ‘নীল চক্র’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। এর প্রধান চরিত্রগুলোয় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও নবাগত মন্দিরা চক্রবর্তীসহ আরো অনেকে।
ঈদের দ্বিতীয় দিন দর্শক দেখতে পাবেন ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন শাকিব খান ও তাসনিয়া ফারিণ।
ঈদের তৃতীয় দিন থাকছে মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’। মাকসুদ হোসেনের রচনা ও পরিচালনায় এ সিনেমায় মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, সুমন পাটোয়ারী ও অশোক বেপারী।
ঈদের চতুর্থ দিন প্রচার হবে আলোক হাসান পরিচালিত চলচ্চিত্র ‘টগর’। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরি, রোজী সিদ্দিকী প্রমুখ।
ঈদের পঞ্চম দিন থাকছে পিপলু আর খানের ভিন্নধর্মী চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। দুই নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান ও মহসিনা।
ঈদের ষষ্ঠ দিন দেখা যাবে বিশেষ চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজীর রচনা ও পরিচালনায় এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ ও জয়ন্ত চট্টোপাধ্যায়।
ওয়ার্ল্ড প্রিমিয়ারের শেষ অর্থাৎ ঈদের সপ্তম দিনের সমাপনী আকর্ষণ হিসেবে থাকছে ‘শরতের জবা’। কুসুম শিকদারের গল্প ও পরিচালনায় এ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, কুসুম শিকদারসহ একঝাঁক চেনা মুখ।