২৪ জুলাই রাজধানীর ৩০০ ফিট এলাকার ক্রিকেটার্স একাডেমিতে হবে এ কনসার্ট। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এ আয়োজন করছে মেইন স্টেজ।
আতিফের পাশাপাশি কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন আতিফ নিজেই। পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা-জুলাই ২৪, ২০২৬’, সঙ্গে জুড়ে দেন কনসার্টের টিকিটের লিংকও।
গেটমাইটিকিট ডটলাইভ ওয়েবসাইটে এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট—কনসার্টের দিন বেলা ২টায় প্রবেশদ্বার খুলে দেয়া হবে, নিরাপত্তার স্বার্থে তা বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। মূল আয়োজন শুরু হবে বিকাল ৫টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। টিকিট বিক্রিসহ প্রায় সব প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্ট বাতিল নয়, বরং উপযুক্ত সময়ে নতুন তারিখে হবে। আয়োজকদের ভাষ্যমতে, স্থগিত হওয়া কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো টাকা ফেরত পাননি, চাইলে তারা আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার আবেদন করতে পারবেন।
মেইন স্টেজের পক্ষে কাজী রাফসান বলেন, ‘আমার পুরো টিম, শিল্পী থেকে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এ কনসার্ট হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।’