কঠোর গোপনীয়তা ও এলাহি আয়োজন

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে সম্পর্কে যা যা জানা গেল

বিয়ের অতিথি তালিকায় এক হাজারেরও বেশি নাম ছিল। আমন্ত্রিতদের ওয়াটারমার্কযুক্ত ডিজিটাল আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং অনুষ্ঠানের তথ্য গোপন রাখতে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ)-এ সই করানো হয়

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গত শুক্রবার বিয়ে করেছেন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। বহুল আলোচিত এ বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশাল আয়োজন, দীর্ঘ অতিথি তালিকা, চমকপ্রদ সাজসজ্জা এবং একাধিক বিশেষ মুহূর্ত মিলিয়ে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত তারকা-বিয়ে হয়ে উঠেছে।

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি।

এক হাজারের বেশি অতিথি, গোপনীয়তা রক্ষায় এনডিএ

বিয়ের অতিথি তালিকায় এক হাজারেরও বেশি নাম ছিল। আমন্ত্রিতদের ওয়াটারমার্কযুক্ত ডিজিটাল আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং অনুষ্ঠানের তথ্য গোপন রাখতে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ)-এ সই করানো হয়।

অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায় এড শিরান, ব্র্যাডলি কুপার, জোয়ি ক্রাভিটজ, জ্যাক অ্যান্টোনফ, গিগি হাদিদ, ডাকোটা জনসন, ইথান হক, এমজিকে, জেসন সুদেইকিস, হিউ গ্রান্ট ও ক্যামিলা ক্যাবেলোকে।

আরো ছিলেন আনিয়া টেইলর-জয়, টম হ্যাংকস, স্টিভেন স্পিলবার্গ, পল ম্যাককার্টনি, সাশা ব্যারন কোহেন, এএমসি থিয়েটার্সের প্রধান নির্বাহী অ্যাডাম অ্যারন এবং ডিজনির সাবেক প্রধান নির্বাহী বব আইগার।

হ্যারি স্টাইলসকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সফরে থাকায় উপস্থিত হতে পারেননি। জেনিফার অ্যানিস্টনও আমন্ত্রিত ছিলেন, তবে শেষ পর্যন্ত যোগ দেননি।

পিপল ম্যাগাজিন পরে নিশ্চিত করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমা স্টোন, স্টিফেন কোলবার্ট, কোনান ও'ব্রায়েন, মিলি ববি ব্রাউন, আইস স্পাইস, ব্র্যাড পিট, গ্রেসি অ্যাব্রামস, রোনান ফ্যারো, সেন্ট ভিনসেন্ট, অ্যাডাম স্কট, জেনিফার লোপেজ, পল রাড এবং সেথ মেয়ার্স।

শেষ মুহূর্ত পর্যন্ত ছিল রহস্য

এক ডজনেরও বেশি সূত্রের ভাষ্য অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে অতিথিরা প্রায় ‘অন্ধকারে’ ছিলেন। বিয়ের থিম বা পোশাকবিধি সম্পর্কে তাদের তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। শুধু বলা হয়েছিল, ৩ জুলাই সকালে নিউইয়র্কে উপস্থিত থাকতে এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে।

অস্বস্তি এড়াতেই বিশাল আয়োজন

গত বছর গ্রাহাম নর্টনের অনুষ্ঠানে টেইলর সুইফট বলেছিলেন, ইচ্ছাকৃতভাবেই বিশাল অতিথি তালিকা করতে চান, যাতে কাউকে বাদ দেয়া নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয়।

তিনি বলেছিলেন, ‘বিয়ের আয়োজন নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। পরিকল্পনা করাটাও মজার হবে বলে মনে হচ্ছে। আমার মনে হয় সবচেয়ে চাপের বিয়ে হলো সেইগুলো, যেখানে অতিথি সংখ্যা কম থাকে এবং কাকে রাখা হবে, কাকে রাখা হবে না—তা নিয়ে ভাবতে হয়। আমি সেটা করতে চাই না।’

ম্যাডিসন স্কয়ারের বাইরের বিলবোর্ডে বিয়ের ঘোষণা। ছবি: রয়টার্স

অতিথিদের জন্য বিশেষ স্মারক

বিয়ের পরদিন অনলাইনে একটি আইভরি রঙের লেস-নকশার রুমালের ছবি ছড়িয়ে পড়ে, যা অতিথিদের উপহার দেয়া হয়েছিল।

রুমালের মাঝখানে টেইলর ও ট্রাভিসের নামের প্রথম অক্ষরের মনোগ্রাম সূচিকর্ম করা ছিল। এর নিচে লেখা ছিল টেইলরের ২০১৪ সালের জনপ্রিয় গান ‘ব্ল্যাঙ্ক স্পেস’-এর একটি লাইন— সো ইট’স গনা বি ফরএভার। এছাড়া রুমালে বিয়ের তারিখ ‘জুলাই ৩, ২০২৬’ এবং স্থান ‘নিউইয়র্ক সিটি’ও সূচিকর্ম করা ছিল।

ম্যাডিসন স্কয়ার গার্ডেন যেন বদলে গেল স্বপ্নের বাগানে

অনুষ্ঠানের বিবরণ এক্সে শেয়ার করেছিলেন এএমসি প্রধান নির্বাহী অ্যাডাম অ্যারন। তবে পরে তা মুছেও ফেলেন। তিনি লিখেছিলেন, ‘এটি মোটেও ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো লাগছিল না। প্রবেশ করতেই দেখা গেল মেঝে, দেয়াল, ছাদ—সবকিছুই পিচ ও সাদা কাপড়ে মোড়ানো। টেইলর ও ট্রাভিসের এক বছর বয়স থেকে কৈশোর পর্যন্ত বিভিন্ন বয়সের বড় বড় ছবি সাজিয়ে রাখা হয়েছিল।’

তিনি আরো লেখেন, ‘গার্ডেনের একটি ছোট অংশ পুরোপুরি আলাদা করা হয়েছিল, যেখানে বাস্কেটবল বা হকির কোনো চিহ্নই ছিল না। যেন জাদুর মতো সেখানে সবুজ-সাদা সাজে এক মনোরম গ্রামীণ বাগান তৈরি করা হয়েছিল। আসল ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো এলাকা। প্রায় ৭৫টি চেয়ার ১৫টি সারিতে সাজানো ছিল। শুনেছি প্রায় এক হাজার অতিথি ছিলেন, কিন্তু অবাক করার বিষয় হলো—সবকিছুই খুব ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মনে হয়েছে।’

অ্যাডাম স্যান্ডলার ছিলেন বিয়ের আনুষ্ঠানিক দায়িত্বে

বিয়ের পর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনেতা অ্যাডাম স্যান্ডলারই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। টিএমজেড জানিয়েছে, তিনি নবদম্পতির জন্য একটি মৌলিক গানও পরিবেশন করেন।

টেইলর ও ট্রাভিস যখন ‘আই ডু’ বলেন, ঠিক সেই মুহূর্তটি ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে থাকা ডিজিটাল বিলবোর্ডে সরাসরি দেখানো হয়। ভেসে ওঠে— ‘জাস্ট ম্যারিড’, যেখানে বাড়তি অ্যান্ডটি যোগ করা হয়।

ডিওরের হট কুত্যুর পোশাকে বর-কনে

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর ও কনের বিয়ের পোশাক তৈরি করেছে ক্রিশ্চিয়ান ডিওর হট কুত্যুর। ডিজাইন করেছেন কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর জনাথন অ্যান্ডারসন।

এ বিয়েতে কোনো ব্রাইডসমেইড বা গ্রুমসম্যান ছিল না। পরিবর্তে টেইলরের ভাই অস্টিন সুইফট ছিলেন তার ‘ম্যান অব অনার’, আর ট্রাভিসের ভাই জেসন কেলসি ছিলেন ‘বেস্ট ম্যান’। পরিবারের দুই পক্ষকে একত্রিত করার এই অনুষ্ঠান পরিচালনা করেন তাদের বন্ধু অ্যাডাম স্যান্ডলার।

স্টিভি নিকসের ব্যক্তিগত পরিবেশনা

‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানের উপস্থাপক রবিন রবার্টস জানান, কিংবদন্তি সংগীতশিল্পী স্টিভি নিকস বিয়েতে বিশেষ পরিবেশনা করেন।

সহ-উপস্থাপক জর্জ স্টেফানোপোলস বলেন, ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো বিশাল জায়গায় যতটা সম্ভব ঘনিষ্ঠ আয়োজন করা যায়, ঠিক ততটাই ছিল এটি। গার্ডেনের ভেতরে যেন আরেকটি বাগান তৈরি করা হয়েছিল। এত বড় জায়গা ও এত তারকা উপস্থিত থাকা সত্ত্বেও অনুষ্ঠানটি অবিশ্বাস্যভাবে ব্যক্তিগত মনে হয়েছে।’

বিয়ের আগে ২ কোটি ৬০ লাখ ডলার দান

বিয়ের আগের কয়েক দিনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি অন্তত ২০টি দাতব্য সংস্থায় মোট ২ কোটি ৬০ লাখ ডলা অনুদান দেন।

যেসব সংস্থা এই অনুদান পেয়েছে, তাদের মধ্যে রয়েছে ফুড ব্যাংক ফর এনওয়াইসি, লস অ্যাঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংক, ফিডিং আমেরিকা, গ্র্যামি ইন দ্য স্কুলস, আনসার দ্য কল, মিউজিক্যাল মেন্টরস, আফটার-স্কুল অল-স্টারস ও চিলড্রেনস মার্সি হাসপাতাল।

আরও