ভারতের মুম্বাইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে গতকাল পুলিশের হাতে আটক হন বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা অভিনেত্রী লেখা ওয়াশিংটন। আটক হওয়ার কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ইমরানের চাচাতো বোন অভিনেত্রী জায়েন মেরিকেও আটক করা হয়েছিল।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সমর্থনে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানসহ বিভিন্ন এলাকায় জড়ো হন প্রতিবাদকারীরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি নেয় দলটি। অনুমতি ছাড়া জমায়েত ঠেকাতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় চার শতাধিক মানুষকে আটক করে।
আটকের আগে ইমরান জানিয়েছিলেন, তিনি একজন নাগরিক হিসেবে বিক্ষোভস্থলে গিয়েছিলেন। চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং মানুষের কণ্ঠস্বর কেন দমিয়ে রাখা হচ্ছে, তা বুঝতেই সেখানে উপস্থিত হন তিনি। কোনো দাবি জানাতে বা কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে তিনি সেখানে যাননি বলেও জানান।
ইমরান খান জানান, কেন তাদের আটক করা হয়েছে, তা জানতে চেয়েও পুলিশের কাছ থেকে উত্তর পাননি তারা। এমনকি পুলিশ কর্মকর্তারাও এ বিষয়ে কিছু বলেননি।
ইনস্টাগ্রামে লেখা ওই পোস্ট
আটকের পর পুলিশ ভ্যানের ভেতর থেকে একটি ভিডিও প্রকাশ করেন জায়েন মেরি। ভিডিও-র সঙ্গে দেয়া তার ক্যাপশনে ইমরানের ২০০৮ সালের চলচ্চিত্র ‘জানে তু ইয়া জানে না’-এর চরিত্র জয় সিং রাঠোরের প্রসঙ্গ ছিল। চলচ্চিত্রে তার চরিত্রে একটি কারাগারের দৃশ্য ছিল। আর তাই ইমরানও ইনস্টাগ্রামে মজা করে লেখেন, 'মনে হচ্ছে গাড়িতে করে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে'।
মুক্তির পর ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন লেখা ওয়াশিংটন। তিনি জানান, তারা নিরাপদে আছেন। পরে আরেকটি ভিডিওতে দেখা যায়, বাড়ি ফিরে তিনজন একে অপরকে জড়িয়ে ধরে আছেন।
সিজেপির বিক্ষোভের মূল কারণ ভোটার তালিকা সংশোধন নিয়ে কারচুপির অভিযোগ। বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম এবং নতুন ভোটার নিবন্ধনের ফরমে পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছে দলটি। এ দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরেও বিক্ষোভের ডাক দেয়া হয়।
আমির খান প্রযোজিত ও আব্বাস টায়রেওয়ালা পরিচালিত ‘জানে তু ইয়া জানে না’ চলচ্চিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক পরিচিতি পান ইমরান। পরবর্তীতে তিনি কিডন্যাপ, লাক, আই হেট লাভ স্টোরিস, ব্রেক কে বাদ, দিল্লি বেলি এবং মেরে ব্রাদার কি দুলহান-এর মতো বিভিন্ন সফল সিনেমায় অভিনয় করেন। ২০১৩ ও ২০১৫ সালে তার শেষ দুটি বড় চলচ্চিত্র ছিল ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ ও ‘কাটি বাট্টি’। এরপর অভিনয় থেকে বিরতিতে গেলেও সম্প্রতি পর্দায় আবারো তার ফেরার গুঞ্জন নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা।
তথ্যসূত্র— ইন্ডিয়ান এক্সপ্রেস