এক ফ্রেমে আসছেন অ্যান হ্যাথাওয়ে ও টম ক্রুজ

টম ক্রুজ প্রায় সবসময়ই আলোচনায় থাকেন। কভিডের পর ‘টপ গান: ম্যাভেরিক’-এর ২ বিলিয়ন ডলারের আয়, ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা নিয়মিত আনা এবং সম্প্রতি আসন্ন ‘ডিগার’ নিয়ে আলোচনায় আছেন।

অন্যদিকে নোলানের ‘ওডিসি’ ও তার আগে ‘দ্য ডেভিল ওয়্যারস’ প্রাডা দিয়ে আলোচনার শীর্ষে আছেন অ্যান হ্যাথাওয়ে। নতুন খবর হলো দুই তারকাকে এবার দেখা যাবে এক ফ্রেমে। ভ্যারাইটির দেয়া তথ্য অনুসারে, ‘ডেজ অব থান্ডার’-এর নতুন পর্বে তাদের একত্রে দেখা যাবে। ১৯৯০ সালে টোনি স্কটের পরিচালনায় মুক্তি পেয়েছিল ডেজ অব থান্ডার। টম ক্রুজের বিপরীতে অভিনয় করেছিলেন নিকোল কিডম্যান। এবারের সিনেমাটি ২০২৮ সালের ২ জুন মুক্তি দেয়ার পরিকল্পনা করছে প্যারামাউন্ট পিকচার্স। সে হিসেবে প্রায় ৪০ বছর পর এ সিনেমার জন্য রেসিং ট্র্যাকে ফিরছেন টম। তবে এবারের সিনেমাটি নির্মাণ হবে আইম্যাক্স ফরম্যাটে।

সিনেমার গল্প নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে, ক্রুজ আবারো রেসার কোল ট্রিকল চরিত্রে অভিনয় করবেন। অ্যান হ্যাথাওয়ে একটি রেসিং কার দলের মালিক ও প্রকৌশলী চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন জোনাথন লেভি। প্রযোজনায় থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হারপার।

২০২৬ সালটি হ্যাথাওয়ের জন্য বেশ ব্যস্ত যাচ্ছে। এ বছর এখন পর্যন্ত তার চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হলো ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’, ‘দি ওডিসি’ ও ‘দি এন্ড অব ওক স্ট্রিট’। বছরের শেষে আসছে কোলেন হুভারের উপন্যাস অবলম্বনে ‘ভ্যারাইটি’।

অন্যদিকে মিশন: ইম্পসিবলের পর ডেজ অব থান্ডার দিয়ে বড় ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হচ্ছেন টম। এছাড়া বছর শেষে আছে ‘ডিগার’। টপ গানের আরো একটি সিনেমায়ও অভিনয় করবেন টম ক্রুজ।

সূত্র: ভ্যারাইটি

আরও