হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম স্কেরিট মারা গেছেন। ২১ অক্টোবর ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। ‘এলিয়েন’, ‘টপ গান’, ‘স্টিল ম্যাগনোলিয়াস’ ও টেলিভিশন সিরিজ ‘পিকেট ফেন্সেস’-এ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে পরিবারের সদস্যরা জানান, টম স্কেরিটের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। অভিনয়জীবনের বাইরেও তার রসবোধ, জানার আগ্রহ, প্রজ্ঞা, উদারতা ও ভালোবাসার জন্য তিনি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। ১৯৩৩ সালের ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন টম স্কেরিট। ১৯৬২ সালে ‘ওয়ার হান্ট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে রবার্ট অল্টম্যানের ‘এমএএসএইচ’ সিনেমায় অভিনয় করেন। ১৯৭৯ সালে রিডলি স্কটের ‘এলিয়েন’ সিনেমায় ক্যাপ্টেন আর্থার ডালাস চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এ অভিনেতা।