পুরনো সম্পর্কের নতুন সমীকরণে জয়ার ‘‌আজও অর্ধাঙ্গিনী’

দর্শকদের সামনে নতুন রূপে হাজির হলেন অভিনেত্রী জয়া আহসান।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। দুই বছর আগে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এটি। দীর্ঘ অপেক্ষার পর গতকাল পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সম্পর্কের টানাপড়েন, দাম্পত্যের সংকট, অতীতের ক্ষত আর মানুষের জটিল মনস্তত্ত্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘অর্ধাঙ্গিনী’র নতুন পর্ব। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই মিলেছে সেই আভাস। সেখানে দেখা যায়, বিয়ের পরও সুখের দেখা মেলে না মেঘনা ও সুমনের সংসারে। অতীতের স্মৃতি, অবিশ্বাস আর মানসিক দূরত্ব ধীরে ধীরে ভেঙে দিতে শুরু করে তাদের সম্পর্ক। গল্পের এক আবেগঘন মুহূর্তে ভেঙে পড়া সংসার বাঁচানোর আশায় সুমনের সাবেক স্ত্রী শুভ্রার কাছে সাহায্য চাইতে যান মেঘনা। প্রথম ছবিতে শুভ্রা ও মেঘনার মুখোমুখি অবস্থানই ছিল গল্পের মূল আকর্ষণ, এবার সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে, যা গল্পে তৈরি করেছে ভিন্ন মাত্রা।

নিজের চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, ‘কৌশিকদা ও চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে উঠতে হয়তো পারতাম না।’ সিনেমার অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরো বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল খুব পরিণত একটি গল্প। সেই ছবির সিক্যুয়েলের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। দর্শক যেভাবে প্রথম ছবিটিকে গ্রহণ করেছেন, সেই প্রত্যাশা আমাদের ওপর বড় দায়িত্ব তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি সেই আবেগকে আরো গভীরভাবে ফিরিয়ে দিতে।’

এ পর্বে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়। তার চরিত্র ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—তিনি কি শুধুই মেঘনার বন্ধু, নাকি তার উপস্থিতি সম্পর্কের নতুন মোড় তৈরি করবে, এর উত্তর মিলবে সিনেমাতেই।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্ক, ভালোবাসা, দায়িত্ববোধ ও ব্যক্তিগত টানাপড়েনের আবেগঘন গল্প। সুমনের অসুস্থতাকে কেন্দ্র করে তার বর্তমান ও সাবেক স্ত্রীর এক ছাদের নিচে আসার ঘটনা ঘিরেই এগিয়েছিল সেই গল্প।

নতুন সিনেমার কাহিনী শুরু হয়েছে প্রথম পর্বের কয়েক বছর পর থেকে। নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার একটি বিয়ে এবং তাকে ঘিরে পুরনো-নতুন সম্পর্কের জটিল সমীকরণ গল্পের কেন্দ্রবিন্দুতে উঠে আসবে।

আরও