দর্শক পছন্দের তালিকায় গেম শো ও ডাব করা কনটেন্ট

ওটিটিতে বছরজুড়ে মুক্তি পেয়েছে অরিজিনাল সিরিজ ও ওয়েব ফিল্ম

সময়ের সঙ্গে বিনোদনের মাধ্যম বদলে গেছে। সে বদলের সঙ্গে এরই মধ্যে মানিয়ে নিয়েছে দর্শক। সিনেমা এখন ছোট পর্দায় চলে এসেছে।

সময়ের সঙ্গে বিনোদনের মাধ্যম বদলে গেছে। সে বদলের সঙ্গে এরই মধ্যে মানিয়ে নিয়েছে দর্শক। সিনেমা এখন ছোট পর্দায় চলে এসেছে। টেলিভিশন সিরিজের পাশাপাশি ওয়েব সিরিজও জনপ্রিয়। আমাদের দেশেও প্রতিনিয়ত বাড়ছে ওটিটির জনপ্রিয়তা। চার-পাঁচটি ওটিটি প্লাটফর্ম নিয়মিত আনছে কনটেন্ট। কোনো কোনোটির জন্য অপেক্ষা করে থাকে। কনটেন্ট মুক্তির পর হয় আলোচনা। আমাদের দেশীয় ওটিটিগুলো এ বছরও গত কয়েক বছরের মতো বিষয়বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছিল এবং সারা বছরই তারা দর্শককে দিয়েছে তাদের পছন্দসই কনটেন্ট।

দেশীয় ওটিটির ক্ষেত্রে এগিয়ে আছে চরকি। প্লাটফর্মটি এ বছর ২৭টি কনটেন্ট মুক্তি দিয়েছে। এসব কনটেন্টের মধ্যে বড় ক্যানভাসের সিনেমা, দেশসেরা নির্মাতা ও জনপ্রিয় শিল্পীদের কাজ যেমন আছে, তেমনি আছে নবীন নির্মাতা ও অভিনেতাদের কাজও।

বছরের শুরুতে মুক্তি পায় সুকর্ন সাহেদ ধীমান পরিচালিত ‘ফেউ’। মরিচঝাঁপির ঘটনাকে উপজীব্য করে নির্মিত সিরিজটিতে রাজনীতি, মানবতা ও নৃশংস হত্যাকাণ্ডের ইতিহাস উঠে এসেছে। সিরিজটি আলোচিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে।

সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘গুলমোহর’ আগ্রহ তৈরি করেছিল দর্শকের মধ্যে। সিরিজটিতে অভিনয় করেছেন সারা জাকেরের মতো গুণী অভিনেতা। যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গের শাশ্বত চট্টোপাধ্যায়। দেশভাগ, পরিবারের মধ্যকার জটিলতা নিয়ে নির্মিত সিরিজটি দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

অন্যদিকে চরকির জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ‘অ্যালেন স্বপন’ খানিকটা ম্রিয়মাণ ছিল এ বছর। বছরের মাঝামাঝি আসা অ্যালেন স্বপন টু অ্যালেন স্বপনের মতো আলোচিত হয়নি।

বড় পরিসরের এ তিন সিরিজ ছাড়াও প্লাটফর্মটিতে একই সঙ্গে স্ট্রিম হয়েছিল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চার সিনেমা—বরবাদ, দাগি, জংলি ও চক্কর ৩০২। আর সারা বছরজুড়ে বিভিন্ন সময়ে মুক্তি পেয়েছে প্রিয় মালতি, তাণ্ডব, উৎসব, দেয়ালের দেশ, জয়া আর শারমিন ও ইনসাফ।

বড় পরিসর, বাজেট ও বড় নির্মাতা-অভিনেতাদের সিনেমা এবং সিরিজ বাদেও চরকিতে এসেছে তরুণ নির্মাতাদের কনটেন্টও। জনপ্রিয়তা পেয়েছে জাহিদ প্রীতম পরিচালিত ‘ঘুমপরী’, মাহমুদা সুলতানা রিমার ‘লিটল মিস ক্যাওস’ও। এছাড়া তরুণ পাঁচ নির্মাতার পাঁচটি ফ্ল্যাশ ফিকশন স্ট্রিম হয়েছে চরকিতে। ছিল প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’ ও কামার আহমাদ সাইমনের ‘একটি সূতার জবানবন্দী’।

এছাড়া রায়হান রাফী পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘‌আমলনামা’, শিহাব শাহীন পরিচালিত ‘‌তোমার জন্য মন’ মুক্তি পেয়েছে ২০২৫-এ। বছরের শেষ কনটেন্ট হিসেবে মুক্তি পেয়েছে ‘‌মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ষষ্ঠ সিনেমা ‘‌ডিমলাইট’। শরাফ আহমেদ জীবন পরিচালিত ফিল্মটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পারসা ইভানা, তানজিকা আমিন।

এ বছর নানা টালমাটাল পরিস্থিতি পার করেছে দেশ। এরই মধ্যে এত কনটেন্ট মুক্তি দেয়ার বিষয়ে চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই দেশের সার্বিক পরিস্থিতি সবকিছুর ওপরেই প্রভাব ফেলেছে। দর্শক নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই দিক থেকে এটা চ্যালেঞ্জের বছর। আমরা দর্শককে ভালো মানের কনটেন্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং সেটাই পূরণ করে যাওয়ার চেষ্টা করছি। এর চেয়েও খারাপ সময় আসতে পারে, সে সময়েও আমরা আমাদের সবচেয়ে ভালো কাজটা করার চেষ্টা করব।’

হইচই বাংলাদেশ এবার এনেছে তিনটি অরিজিনাল সিরিজ—জিম্মি, বোহেমিয়ান ঘোড়া ও আকা। জিম্মি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। লোভ ও মানুষের নানা প্রবৃত্তি নিয়ে এ সিরিজের গল্প। সিরিজটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকের কাছ থেকে।

সে তুলনায় এগিয়ে আছে অমিতাভ রেজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুনা খান, সাদিয়া আয়মান, রুবেনা রেজা, তানজিকা আমিন, ফারহানা হামিদ, মৌসুমি হামিদ প্রমুখ। কমেডি ঘরানার সিরিজটি পছন্দ করেছে দর্শক।

এ বছর ভিকি জাহেদ ফিরেছিলেন আবারো আফরান নিশোর সঙ্গে। স্ট্রাগলিং শিল্পী ও ছেলেবেলার ট্রমায় সাইকোপ্যাথ হয়ে ওঠা আজাদের গল্প নিয়ে আকা। নিশোর সঙ্গে সিরিজে অভিনয় করেছেন নাবিলা, ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম প্রমুখ। নিশো-ভিকি জুটি দর্শকের বরাবরই পছন্দ। সেই সঙ্গে এ সিরিজে আজিজুল হাকিমও দর্শকের মনোযোগ কেড়েছেন।

তিনটি সিরিজ ছাড়া হইচইয়ে স্ট্রিম হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাবা’ ও ‘তাণ্ডব’।

চলতি বছরে হইচইয়ের যাত্রা নিয়ে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘২০২৫-এ কনটেন্ট নিয়ে যে পরিকল্পনা করেছিলাম তার বড় অংশ সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। নতুন গল্প, বৈচিত্র্যময় কনটেন্ট এবং বাংলাদেশী দর্শকের সঙ্গে আরো গভীর সংযোগ তৈরি করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য, যা আমরা বছরজুড়ে ধারাবাহিকতা ধরে রেখেছি। দর্শকের ভালোবাসাই আমাদের এ যাত্রার প্রেরণা।’

আগামী বছরের পরিকল্পনা জানিয়ে তিনি আরো বলেন, ‘২০২৬ সালেও দর্শককে বিনোদিত করার ধারা হইচই বাজিয়ে রাখবে এ কথা দিতেই পারি। সেই সঙ্গে নতুন নির্মাতা ও অভিনয়শিল্পীদের হইচইয়ের কনটেন্ট যাত্রায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

দেশীয় ওটিটির মধ্যে এ বছর বেশকিছু কনটেন্ট এনেছে ‘বঙ্গ’। এর মধ্যে ছিল ব্লকবাস্টার রিলিজ, অরিজিনাল সিরিজ, লাইভ স্পোর্টস, ফ্যামিলি গেম শো ও আন্তর্জাতিক মানের কন্টেন্ট।

বঙ্গ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে কাজল আরেফীন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ’ দিয়ে। অতীতের সব রেকর্ড ভেঙেছে এবারের সিজন। এছাড়া অমি পরিচালিত ‘হাউ সুইট’ও দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

তবে বঙ্গর এ বছরের নতুন আয়োজন ছিল ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। ভিউয়ারশিপের বহু রেকর্ড ভেঙেছে গেম শোটি। এটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাফল্যের কারণে গেম শোটি আরো বড় পরিসরে আনার ঘোষণা দেয়া হয়েছে।

তবে বঙ্গর বছর শুরু হয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘ব্ল্যাক মানি’ দিয়ে। সিরিজটি দর্শক টেনেছে। এরপর আসে মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। এ দুটি কনটেন্টের পাশাপাশি ছিল ক্রাইম থ্রিলার সিরিজ। ‘ফ্যাকড়া’, ‘কানাগলি’ ও ‘গিরগিটি’র মতো সিরিজ দর্শক পছন্দের তালিকায় ছিল বছরজুড়ে।

সিনেমাও আছে বঙ্গর তালিকায়। প্লাটফর্মটিতে মুক্তি পেয়েছে ‘রিকশা গার্ল’, ‘অন্তর্জাল’ ও ‘ফেরেশতে’। এছাড়া ছিল হলিউড ব্লকবাস্টার ও বাংলায় ডাব করা বিদেশী সিনেমা ও সিরিজ।

দীপ্ত প্লে এ বছর দেশী-বিদেশী অনেক কনটেন্ট নিয়ে এসেছে। অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’ যেমন ছিল, তেমনি ছিল শাকিব খানের তাণ্ডব। একই সঙ্গে দেশ-বিদেশের দর্শকনন্দিত নানা সিনেমাও যুক্ত হয়েছে। ডাব করা বিদেশী কনটেন্টের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে গুড ডক্টর ও এন্ডলেস লাভ।

এছাড়া পডকাস্ট শো ‘মাই স্টোরি’, সপ্তাহে বিনোদনের সব এক্সক্লুসিভ আপডেট নিয়ে অনুষ্ঠান ‘বিনোদন এই সময়’, গ্রাম বাংলার আঞ্চলিক রান্না নিয়ে অনুষ্ঠান ‘চুলার পাড়’সহ অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানও যুক্ত হয়েছে।

দীপ্ত প্লের প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মো. আবু নাসিম বলেন, ‘তিন বছর ধরে দর্শক যেভাবে দীপ্ত প্লের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তা খুবই আনন্দের। এতদিন দর্শক দীপ্ত প্লেতে অরিজিনাল ফিল্ম, দেশী-বিদেশী ড্রামা সিরিজ দেখেছে। তবে নতুন বছর দর্শক নতুন ধরনের কনটেন্টও দেখতে পাবে। অরিজিনাল ফিল্মের সঙ্গে এবার দীপ্ত প্লে নিয়ে আসছে অরিজিনাল সিরিজ ও অরিজিনাল ভার্টিক্যাল।’

আরও