সত্য ঘটনা থেকে চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’

ইতিহাস থেকে নির্মিত চরকির ওয়েব সিরিজ ফেউ। এটি নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান।

ইতিহাস থেকে নির্মিত চরকির ওয়েব সিরিজ ফেউ। এটি নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান।

পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা জেলার দ্বীপ মরিচঝাঁপির শরণার্থীদের উচ্ছেদ এবং তাদের খাবার ও পানি বন্ধ করে দেয়া, ঘরে আগুন দেয়া, নৌকা ডোবানোসহ নির্বিচারে মানুষ হত্যা, এসব নানা পরিস্থিতি নিয়ে নির্মাণ করা হয়েছে সিরিজটি।

পরিচালক বলেন, ’সুন্দরবনের তো অনেক গল্প। রয়েছে বনবিবির গল্প, ডাকাতের গল্প, স্থানীয় মিথ। কিন্তু আমি খুঁজেছি ওই অঞ্চলের রাজনীতি। সেখান থেকেই গল্পটি নিয়ে কাজ করা।’

সুকর্ণ সাহেদ ধীমান জানান, ২০১৬-২১ সালের মধ্যে তিনি এসব তথ্য সংগ্রহ করেছেন, এগিয়েছে গল্প বুননের কাজ। ধীমান বলেন, ’২০২১-এ আমার মনে হয়, এটি দিয়ে আমি কিছু নির্মাণ করতে চাই। ২০২২ সালের ডিসেম্বরে গল্পটা লক করি। চিত্রনাট্যের ১৭টা ড্রাফট করার পর আমরা কাজ শুরু করতে পেরেছি।’

ফেউয়ের প্রেক্ষাপট ইতিহাসনির্ভর হলেও সিরিজটি ফিকশনাল। এর গল্প লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, রোমেল রহমান ও চিত্রনাট্য করেছেন সুকর্ন সাহেদ ধীমান, সিদ্দিক আহমেদ। ইতিহাসের সঙ্গে নিজের দেখা চরিত্র, নিজের জানা ঘটনা, নিজের অঞ্চলের গল্প সিরিজে তুলে ধরেছেন বলে জানান নির্মাতা।

ধীমান বলেন, ‘আমরা একটা সত্য ঘটনার ছায়া অবলম্বন করেছি, অনুপ্রেরণা নিয়েছি। সেটা এ সিরিজের মূল কেন্দ্র। তবে সে কেন্দ্রকে আবর্তন করে যত কিছু, তার সবটাই আমার দেখা-জানা মোংলার মানুষ, তাদের জীবন ও রাজনীতি থেকে নেয়া অভিজ্ঞতা।’

মুক্তির তারিখ দ্রুতই জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১১ জানুয়ারি রাতে প্রকাশ পেয়েছে সিরিজের অ্যানাউন্সমেন্ট টিজার, যার ক্যাপশনে লেখা, ‘কী ঘটেছিল ১৯৭৯ সালে? কী লুকানো হয়েছে আমাদের কাছ থেকে? চরকিতে শিগগিরই আসছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত চরকি অরিজিনাল সিরিজ ফেউ। অ্যানাউন্সমেন্ট টিজারে কোনো চরিত্র প্রকাশ করা হয়নি। তবে এটি যে শরণার্থীদের নিয়ে কোনো কাহিনী, তা স্পষ্ট। কারণ টিজারে একটি সংলাপ ব্যবহার করা হয়েছে। সেটি এমন, ‘রিফিউজিগো দ্যাশ-জাত বইলে কিছু আছে নাকি! আমরা তো মন্দিরের ঘণ্টার মতো। যে বাজায়, খালি বাইজে যাই।’

পুরো টিজারে ছোট ছোট দৃশ্যে বোঝানো হয়েছে গল্পটির অঞ্চলগত বৈশিষ্ট্য। ছোট-বড় নৌকা, ঘন জঙ্গল, কিছু মানুষের ধস্তাধস্তি, উদযাপনের মতো দৃশ্যও আছে টিজারে। এসবের ব্যাখ্যা এখনই দিতে চাননি পরিচালক। জানিয়েছেন, ধীরে ধীরে পুরোটাই উন্মোচন হবে দর্শকের সামনে।

আরও