শাকিবের রকস্টার আসছে ওটিটিতে

ঈদুল আজহায় মুক্তির জন্য রকস্টারের টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়। শাকিব খানের লুক তার ভক্তদের মধ্যে আরো বেশি আগ্রহ তৈরি করে। একজন সংগীতশিল্পী হিসেবে শাকিব খানের উপস্থিতি তুমুল আগ্রহ তৈরি করেভক্ত-দর্শকদের মধ্যে

শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’। এ বছর ঈদুল আজহার অন্যতম আলোচিত সিনেমা ছিল এটি। সিনেমার হলের পর এবার ওটিটির দর্শক রকস্টার উপভোগ করতে পারবেন। সিনেমাটি এবার চরকিতে মুক্তি পাচ্ছে। আগামী বুধবার রাত ১২টার পর (২৩ জুলাই) চরকি অ্যাপ এবং প্ল্যাটফর্মটির সাইটে রকস্টার দেখা যাবে।

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। ওটিটিতে মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যে অনেক দর্শক দেখেছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ–বিদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হবে। চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি অধিক সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাবে, নির্মাতা হিসেবে এটাই চাওয়া।’

সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, ‘নানা কারণে অনেকেই সিনেমা হলে রকস্টার দেখতে পারেননি। তারা এখন ঘরে বসে, সুবিধাজনক সময়ে দেখতে পারবেন। সেটা আমাদের সবার জন্যই আনন্দের। দর্শকরা চাইলেই এখন সিনেমায় তাদের পছন্দের মুহূর্তগুলো বার বার করে উপভোগ করতে পারবেন।’

ঈদুল আজহায় মুক্তির জন্য রকস্টারের টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়। শাকিব খানের লুক তার ভক্তদের মধ্যে আরো বেশি আগ্রহ তৈরি করে। একজন সংগীতশিল্পী হিসেবে শাকিব খানের উপস্থিতি তুমুল আগ্রহ তৈরি করেভক্ত-দর্শকদের মধ্যে। প্রেক্ষাগৃহের দর্শকরা সিনেমাটির বিভিন্ন দৃশ্য, শাকিব খানের অভিনয় এবং আগুন–আসলামের বন্ধুত্বের ঘটনাগুলোর প্রশংসা করেন।

শাকিব খানের বিপরীতে মীরা চরিত্রে অভিনয় করেন সাবিলা নূর। একজন সুপার মডেলের চরিত্রে তানজিয়া জামান মিথিলা, সুনিধি চরিত্রে সুনিধি নায়েক, কয়েদি সংগীতশিল্পীর চরিত্রে পান্থ কানাই, ওস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান অভিনয় করেন।

সিনেমায় শাকিব খান ও সাবিলা নূর। ছবি: চরকি

ওটিটিতে মুক্তির প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বিত প্রয়াস সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং কনটেন্টকে সর্বোচ্চ সংখ্যক দর্শকদের কাছে নিয়ে যেতে সাহায্য করছে। ভালো নির্মাণের সঙ্গে থাকার ধারাবাহিকতাতেই রকস্টার সিনেমাটির সঙ্গে চরকির যুক্ত হওয়া এবং আর কিছুদিন পরেই দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি ঘরে বসেই দেখতে পারবেন। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’

রকস্টারের চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। তিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

আরও