ফরাসি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির রবীন্দ্রনাথ ঠাকুরের আছে বিশেষ সংযোগ। ফরাসি সংস্কৃতির সঙ্গে তার দীর্ঘস্থায়ী সংলাপকে ঘিরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রবি ঠাকুরের ‘ফরাসি সংযোগ’ শীর্ষক বিশ্লেষণ ধর্মী সংগীতসন্ধ্যা। আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম নুভেল ভাগে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এ আয়োজনে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন সঞ্চিতা রাখি। গীতাঞ্জলির ফরাসি অনুবাদ থেকে কবিতা পাঠে অংশগ্রহণ করবেন-ফ্রাঁসোয়া শঁব্রো। রবীন্দ্রনাথের সঙ্গে ফরাসি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির সম্পর্ককে উদযাপন করাই এ আয়োজনের মূল ভাবনা।
সঞ্চিতা রাখি দীর্ঘদিন সংগীতের সঙ্গে যুক্ত। আসন্ন সংগীত সন্ধ্যায় তিনি রবীন্দ্রনাথের কালজয়ী গানগুলোর গাইবেন। পাশাপাশি ফরাসি সংযোগ তুলে ধরে এমন গানও থাকবে।
এই অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথকে নতুন করে আবিষ্কার করতে পারবেন দর্শক ও রবীন্দ্রপ্রেমীরা।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজনে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তবে আসনসংখ্যা সীমিত থাকায় আগ্রহী দর্শকদের আগেভাগে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।