দেশের সংগীতের আয়োজনগুলোর মধ্যে ‘ঢাকা রক ফেস্ট’ অন্যতম। এ আয়োজন মানে যেন তারুণ্যের উম্মাদনা। আগের আসরগুলো শিল্পীদের সঙ্গে মাতিয়েছেন তরুণরা। এরপর বিরতি ছিল ছোট। তবে ঢাকায় আবারো ফিরছে রক ফেস্ট। মূলত দেশীয় ব্যান্ড সংগীতপ্রেমীদের নিয়েই সংগীতের অন্যতম বড় এ আয়োজন হয়। শেষ আসরটি বসেছিল ২০২২ সালে। এরপর এ উৎসবের আর কোনো আসর না হলেও এবার নতুন করে শুরু হচ্ছে রকের এই আসর।
রক ফেস্ট ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক স্কাই ট্র্যাকার প্রতিষ্ঠানটির নির্বাহী দোজা এলান। তিনি বলেন, ‘ঢাকা রক ফেস্ট নিয়ে শ্রোতাদের বরারবরই তুমুল আগ্রহ। এরই মধ্যে পরবর্তী আসরের জন্য প্রস্তুতি শুরু করেছি। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে। বরাবরের মতোই এ আসরে দেশী ব্যান্ড দলগুলোই অংশ নেবে। আশা করছি, এবারো সফল আয়োজন শ্রোতাদের উপহার দিতে পারব।’
এর আগে সর্বশেষ ঢাকা রক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে। দুই দিনের সে আয়োজনে অংশ নেয় বাংলাদেশের ৩২টি ব্যান্ড। মঞ্চ মাতায় ওয়ারফেইজ, অর্থহীন, মেঘদল, আর্টসেল, নেমেসিস, ক্রিপটিক ফেইট ও অ্যাভয়েড রাফার মতো শ্রোতাপ্রিয় ব্যান্ডদল।
এরপর নানা কারণেই আসরটি আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার সে অভাব পুষিয়ে নেয়ার চেষ্টা থাকছে আয়োজকদের মধ্যে। দেশের সেরা ও জনপ্রিয় ব্যান্ডগুলোকে একত্র করে শ্রোতাদের দারুণ একটি অভিজ্ঞতা দিতে পারবেন এমন আশাই করছেন তারা।