এবিসি চ্যানেল ও হুলু মিলিয়ে ১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার দর্শক দেখেছে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। ২০২২ সালের পর এটিই অস্কারের সবচেয়ে কম দেখা টেলিকাস্ট। গত বছরের ১ কোটি ৯৭ লাখ দর্শকের তুলনায় এবার ৯ শতাংশ দর্শক কমেছে, যা ছিল পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। খবর ভ্যারাইটি।
এবারের সম্প্রচারে ১৮-৪৯ বছর বয়সী দর্শকদের মধ্যে গড় রেটিং ছিল ৩ দশমিক ৯২। এটি গত বছরের ৪ দশমিক ৫৪ থেকে কম হলেও ২০২৪ সালের ৩ দশমিক ৮২ রেটিংয়ের চেয়ে বেশি। এ পতন সত্ত্বেও ডিজনি জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমে প্রাইমটাইম বিনোদন অনুষ্ঠানের মধ্যে অস্কার সম্প্রচার এখনো ১ নম্বর অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময় গত সোমবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোনান ও’ব্রায়েন। এবার শীতকালজুড়ে অনুষ্ঠিত মার্কিন বড় পুরস্কার অনুষ্ঠানগুলোরও দর্শক কমেছে। সেই প্রবণতা দেখা গেল একাডেমি অ্যাওয়ার্ডসে।
গত জানুয়ারিতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের দর্শকসংখ্যা ৬ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ লাখ ৬০ হাজারে এবং গত মাসে গ্র্যামি অ্যাওয়ার্ডসেও ৬ শতাংশ কমে ১ কোটি ৪৪ লাখে নেমে আসে।
এদিকে এবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ বছর ইমপ্রেশন ৪২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৮৪ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৭০২-এ পৌঁছেছে। একাডেমির সামাজিক প্লাটফর্মগুলোর অনুসারী সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ১৬ লাখ, যা গত বছর ছিল ১ কোটি ৯৭ লাখ। পাশাপাশি পুরো অনুষ্ঠানজুড়ে ভিডিও ভিউ ১২ কোটি ৯০ লাখেরও বেশি হয়েছে।