বলিউড তারকা শাহরুখ খানকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। নতুন সিনেমা কিংবা চরিত্র—সবকিছুতেই চমক দিতে পছন্দ করেন এ অভিনেতা। এবার নিজের আসন্ন সিনেমা কিংয়ের নতুন পোস্টার প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। পোস্টারে তার ভিন্নধর্মী উপস্থিতির পাশাপাশি একটি সংলাপও দর্শকের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
কিংয়ের টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। টিজারে শাহরুখের পাকা চুল, মুখভর্তি দাড়ি ও রুক্ষ চেহারা নজর কেড়েছিল। নতুন পোস্টারেও সে ব্যতিক্রমী লুক ধরে রেখেছেন এ অভিনেতা।
পোস্টারে কালো পোশাকে দেখা গেছে শাহরুখকে। চুল ও দাড়িতে পাক ধরেছে, পোশাকজুড়ে রক্তের দাগ। মুখের গম্ভীর অভিব্যক্তি তার চরিত্রের কঠোর দিকটি তুলে ধরেছে। পেছনে আগুনে ঘেরা একটি বৃত্তাকার কাঠামো, চারপাশে জ্বলছে আগুন।