বছরে ৪-৫টি হিট সিনেমা উপহার দিয়ে বলিউডের
শীর্ষ অভিনেতা হয়ে উঠেছিলেন অক্ষয় কুমার। সাম্প্রতিক সময়ে সেই জোয়ারে ভাটা পড়লেও গতকাল
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তি পাওয়া ‘সেলফি’ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন। কিন্তু
মিলল শুধুই হতাশা।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হচ্ছে, ইমরান
হাশমিকে সঙ্গে নিয়ে বক্স অফিসে একদম সুবিধা করতে পারেননি অক্ষয় কুমার। আয়ের অঙ্ক এত
নিচে যে কেউ তা কল্পনাও করেনি।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রথম দিনের
আয় আড়াই কোটি রুপির বেশি হবে না। এই অঙ্ক বলিউডকে স্তব্ধ করে দিয়েছে।
দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে ‘সেলফি’ রিমেক
করেছেন রাজ মেহতা। হালে বলিউডে এ ধরনের নির্মাণ কোনো জাদু দেখাতে পারছে না, ব্যতিক্রম
ছিল অজয় দেবগনের ‘দৃশ্যম টু’।
অবশ্য অনলাইনে অগ্রিম টিকিট কেনার অঙ্ক থেকেই
বোঝা গিয়েছিল ‘সেলফি’র অবস্থা ভালো নয়। তা সত্ত্বেও নির্মাতারা টিকিট কাউন্টারের ওপর
ভরসা করেছিলেন। সেখান থেকেও এসেছে একরাশ হতাশা। এর ওপর দর্শক বা সমালোচক কারোই মন ভরাতে
পারেনি ‘সেলফি’। বেশির ভাগ রিভিউই নেতিবাচক।
ধারণা করা হচ্ছে, লাইফটাইমে এ সিনেমার আয়
গড়াতে পারে ৩০ কোটি রুপি পর্যন্ত। যা বাজেটের তুলনায় একদম নগণ্য।
২০২২ সালে দক্ষিণী সিনেমার দাপটে ব্রহ্মাস্ত্র
ও দৃশ্যম টু’র মতো দু-একটি বলিউড নির্মাণ চমক দেখাতে পেরেছে। এরপর গত জানুয়ারিতে শুভ
সূচনা করে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। এক মাস গড়িয়ে সিনেমাটি এখনো দুর্দান্ত গতিতে
চলছে। ধারণা করা হচ্ছিল, বলিউড তার পুরোনো ছন্দ ফিরে পেতে যাচ্ছে। কিন্তু দুই রিমেক
শেহজাদা ও সেলফির ব্যর্থতা নতুন করে ভাবাচ্ছে।