আমেরিকান রক ব্যান্ড গ্রিন ডে দেখিয়েছে, তাদের সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি প্রতিবাদেরও ভাষা। শনিবার (১২ এপ্রিল) ক্যালিফোর্নিয়ার কোয়াচেল্লা উৎসবের কনসার্টে হেডলাইন পারফরম্যান্সে গ্রিন ডে ফিলিস্তিনি শিশুদের দুর্দশা তুলে ধরতে তাদের জনপ্রিয় গান ‘জেসাস অব সাবার্বিয়া’র কথা পরিবর্তন করে শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয়।
মূল গানটির লাইনে ছিল—“রানিং অ্যাওয়ে ফ্রম পেইন হোয়েন ইউ হ্যাভ বিন ভিকটিমাইজড”। লিরিকে একটু বদলে গায়ক বিলি জো আর্মস্ট্রং গাইলেন—“রানিং অ্যাওয়ে ফ্রম পেইন লাইক দ্য কিডস ফ্রম প্যালেস্টাইন।“ আর সেই মুহূর্তে গোটা কনসার্টের উপস্থিত শ্রোতারা করতালিতে ফেটে পড়ে।
গ্রিন ডে-র ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এটিই প্রথম নয়। ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় এক কনসার্টে আর্মস্ট্রং গাজা উপত্যকার মানুষের প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনের পতাকা কাঁধে জড়িয়ে ওঠেছিলেন কনসার্টের মঞ্চে।
এছাড়াও, কোয়াচেল্লায় তাদের পারফরম্যান্সের শুরুতেই ‘অ্যামেরিকান ইডিয়ট’ গানে আর্মস্ট্রং একটি রাজনৈতিক বার্তা দেন। মূল গানের “ আই অ্যাম নট আ পার্ট অব আ রেডনেক এজেন্ডা” লাইনের বদলে তিনি গাইলেন—“আই অ্যাম নট আ পার্ট অব আ মাগা এজেন্ডা”, যা স্পষ্টত ডোনাল্ড ট্রাম্পের প্রতি গ্রিন ডে’র প্রতিবাদ।
এদিনের কনসার্টে শুধু গ্রিন ডে নয়, রাজনীতিও বড় ভূমিকা নেয়। যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স অপ্রত্যাশিতভাবে মঞ্চে উঠে বলেন, “আমেরিকার ভবিষ্যৎ তোমাদের প্রজন্মের হাতে নির্ভর করছে।” তিনি ট্রাম্প, ‘করপোরেট লোভ’ এবং ধনীদের আধিপত্যের বিরুদ্ধে সরব হন।
সূত্র: রক সেলার ম্যাগাজিন