সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। অনুষ্ঠানটি দেশের গুণী তারকাদের উপস্থিতি আর চমকপ্রদ কথোপকথনের মাধ্যমে এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। এবার এর নতুন পর্বে অতিথি হিসেবে থাকছেন নন্দিত অভিনেত্রী অপি করিম।
ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন অপি করিম। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষ করার পর তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করেছেন। এ বর্ণাঢ্য ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে নানা স্মৃতি, ঘটনা ও অভিজ্ঞতা। আছে সাফল্য-ব্যর্থতার গল্প, সুখ-দুঃখের মুহূর্ত, যার অনেক কিছু হয়তো কখনো প্রকাশিত হয়নি।
স্টার নাইট অনুষ্ঠানে অপি করিমের সেই সব গল্প উঠে আসবে। এছাড়া তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরাও তাকে নিয়ে কথা বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় নাটক এবং চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে।
আজ শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে স্টার নাইট। অনুষ্ঠানের উপস্থাপনা করবেন মৌসুমী মৌ, প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।