সামান্থার নতুন রেকর্ড

সিনেমাটি শুধু দর্শকের মন জয় করেনি, সামান্থার ক্যারিয়ারেও এনে দিয়েছে নতুন মাইলফলক। এর মাধ্যমে ‘ওহ! বেবি’ এবং ‘যশোদা’র মতো তার আগের একক সাফল্যগুলোকেও ছাড়িয়ে গেছে ‘মা ইন্তি বাঙ্গারাম’

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি আবারও প্রমাণ করলেন, নায়িকাকেন্দ্রিক সিনেমাও বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে। তার অভিনীত ও প্রযোজিত নতুন তেলেগু সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ৪৩ কোটির বেশি রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে।

সিনেমাটি শুধু দর্শকের মন জয় করেনি, সামান্থার ক্যারিয়ারেও এনে দিয়েছে নতুন মাইলফলক। এর মাধ্যমে ‘ওহ! বেবি’ এবং ‘যশোদা’র মতো তার আগের একক সাফল্যগুলোকেও ছাড়িয়ে গেছে ‘মা ইন্তি বাঙ্গারাম’। ফলে এটি এখন সামান্থার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা একক নায়িকা-নির্ভর চলচ্চিত্র।

সিনেমাটির পরিচালক নন্দিনী রেড্ডি। এর আগে ২০১৯ সালে ‘ওহ! বেবি’ সিনেমায়ও সামান্থা ও নন্দিনীর জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। নতুন সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত নন্দিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই জয় মূলত দর্শকদেরই।

অ্যাকশন-ড্রামা ঘরানার ‘মা ইন্তি বাঙ্গারাম’-এ সামান্থা অভিনয় করেছেন স্বর্ণা বা ঝাঁসি চরিত্রে। গল্পে দেখা যায়, বিয়ের পর স্বামীর পরিবারের সঙ্গে প্রথমবার দেখা করতে গিয়ে তাকে অতীতের ভয়াবহ স্মৃতির মুখোমুখি হতে হয়। নতুন পরিবারকে আপন করে নেওয়ার পাশাপাশি তাকে লড়তে হয় নিজের অন্ধকার অতীতের সঙ্গেও।

সিনেমা বিশ্লেষকদের মতে, ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর এই সাফল্য দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নারী-কেন্দ্রিক গল্প নির্মাণে নতুন উৎসাহ জোগাবে। একই সঙ্গে এটি সামান্থা রুথ প্রভুর তারকাখ্যাতিকে আরও এক ধাপ এগিয়ে নিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও