রজনীকান্ত মানেই সুপারস্টার, আর সুপারস্টার মানেই রজনীকান্ত। ৭৬ বছর বয়সেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছেন সব প্রজন্মের এ জনপ্রিয় তারকা। নেলসন দিলীপকুমার পরিচালিত জেলার টুর সাফল্যে আবারো তার প্রমাণ মিলেছে। মুক্তির মাত্র তিনদিনেই অ্যাকশন থ্রিলারটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩২৫ কোটি রুপি আয় করেছে। দ্রুত এগিয়ে চলেছে ৪০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার দিকে।
মুক্তির প্রথম দিন জেলার টু আয় করে ১৩০ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় হয় ৮৫ কোটি রুপি। আর তৃতীয় দিনের প্রাথমিক বক্স অফিসের হিসাব বলছে, এদিন আয় হতে পারে প্রায় ১১০ কোটি রুপি। সব মিলিয়ে তিনদিনে বিশ্বব্যাপী জেলার টুর মোট আয় দাঁড়িয়েছে ৩২৫ কোটি রুপি।
চতুর্থ দিনেও জেলার টুর আয় ১০০ কোটি রুপির বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্তে ছবিটির মোট আয় ৪২৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। এমনটা হলে ভারতের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বৃহৎ উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড গড়বে সিনেমাটি। পাশাপাশি তামিল ভাষার কোনো চলচ্চিত্রের ক্ষেত্রে এটিই হবে সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনী সপ্তাহান্ত।
সূত্র: বলিউড হাঙ্গামা