যশ ও গীতু মোহনদাসের সিনেমাটি হিন্দি ডাব করা সংস্করণের অগ্রিম টিকিট বিক্রিতে দুর্দান্ত সূচনা করেছে। গত শুক্রবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র ৬ ঘণ্টার মধ্যেই শীর্ষস্থানীয় তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স ও সিনেপলিস মিলিয়ে ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে।
যশ অভিনীত টক্সিকের এ অগ্রিম টিকিট বিক্রির গতি নিঃসন্দেহে অসাধারণ। প্রাথমিক অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান বলছে, শুধু হিন্দি সংস্করণ থেকেই প্রথম দিনে ৪৫-৫৫ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি।
সুপার ব্লকবাস্টার পর্যায়ের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে টক্সিকের জন্য। এক্ষেত্রে টিকিট মূল্য ‘ধুরন্ধর টু’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র সমপর্যায়ের। পাশাপাশি সিনেমাটিকে ঘিরে শুরুতেই যে উন্মাদনা তৈরি হয়েছে, তা হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম বড় উদ্বোধনী ব্যবসার সঙ্গে তুলনীয় বলে মনে করা হচ্ছে।
৬ ঘণ্টায় টক্সিক যত টিকিট বিক্রি করেছে, তা ‘অ্যানিমেল’, ‘ধুরন্ধর’, ‘টাইগার থ্রি’ ও ‘স্পাইডার-ম্যান’সহ বেশ কয়েকটি বড় সিনেমার উদ্বোধনী সময়ের অগ্রিম বিক্রিকে ছাড়িয়ে গেছে। মাল্টিপ্লেক্স থেকে একক পর্দার প্রেক্ষাগৃহ সব জায়গায়ই অগ্রিম টিকিট বিক্রির গতি বেশ শক্তিশালী।
২০২৬ সালে এখন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে ধুরন্ধর টুর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে টক্সিক। তবে ধুরন্ধর টু একটি সফল ফ্র্যাঞ্চাইজির অংশ, অন্যদিকে টক্সিক সম্পূর্ণ মৌলিক ও স্বতন্ত্র গল্পের সিনেমা। শুধু তাই নয়, ধুরন্ধর হিন্দি এবং টক্সিক কন্নড় ভাষার সিনেমা।
ফলে কন্নড় তারকা যশ অভিনীত একটি মৌলিক সিনেমার হিন্দি সংস্করণকে ঘিরে মুক্তির আগেই যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তা টক্সিকের বক্স অফিস সম্ভাবনাকে আরো উজ্জ্বল করে তুলেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস