গুলির ঘটনায় আহত টাইগার শ্রফের ছবি প্রকাশ

পুলিশ এর আগে জানিয়েছিল, হামলায় টাইগার শ্রফের শরীরে কোনো গুলি লাগেনি। তবে প্রকাশিত ছবিতে তার শরীরে যে আঘাতের চিহ্ন দেখা গেছে, সেগুলোর ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি

মুম্বাইয়ের জুহু এলাকায় গতকাল সন্ধ্যায় গুলির ঘটনায় আহত বলিউড অভিনেতা টাইগার শ্রফের ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে তার কাঁধ ও বুকে ব্যান্ডেজ এবং ডান হাতে ব্যান্ডেজ দেখা যায়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলিশ এর আগে জানিয়েছিল, হামলায় টাইগার শ্রফের শরীরে কোনো গুলি লাগেনি। তবে প্রকাশিত ছবিতে তার শরীরে যে আঘাতের চিহ্ন দেখা গেছে, সেগুলোর ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

টাইগারকে দেখতে গতকাল দিবাগত রাতে তার বাসভবনে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। পরে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি গুরুতর ও নিন্দনীয়। মুম্বাইয়ে আবারো গ্যাং-সংঘাত ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্কবার্তা দেন তিনি।

শিন্ডে বলেন, ‘অতীতে মুম্বাইয়ে ব্যাপক গ্যাং-সংঘাতের সময় পার করতে হয়েছে। পুলিশ কঠোর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। আমরা কাউকে সেই দিনগুলো ফিরিয়ে আনতে কিংবা শহরের শান্তি বিঘ্নিত করতে দেব না।’

খবর অনুযায়ী, হামলার সময় পাঁচটি গুলি ছোড়া হয়েছিল। এতে টাইগার শ্রফের গাড়িচালক আহত হন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেতা।

হামলার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার খবর সম্পর্কে জানতে চাইলে শিন্ডে বলেন, কোন গ্যাং এ ঘটনায় জড়িত, তা বিবেচ্য নয়; মানুষকে ভয় দেখানো কিংবা সহিংসতার দায় স্বীকার করে প্রচার পাওয়ার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। হুমকিমূলক ফোনকল বা বার্তা পেলে সেলিব্রিটিসহ সবাইকে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

হামলা সম্পর্কে যা জানা গেছে

গতকাল সন্ধ্যা ৭টার দিকে জুহুর পুষ্প নারসি পার্কের কাছে গুলির ঘটনা ঘটে। টাইগার শ্রফ সেখানে প্রতি রোববার ফুটবল খেলতে যান বলে জানা গেছে। পুলিশের সন্দেহ, হামলাকারীরা আগে থেকেই ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছিল এবং অভিনেতার নিয়মিত যাতায়াতের সময়সূচি সম্পর্কে জানত।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ধারণা করা হচ্ছে, অভিযুক্তরা অভিনেতাকে অনুসরণ করেছিল এবং তিনি পৌঁছানোর আগপর্যন্ত পার্কের ফটকের বাইরে অপেক্ষা করেছিল।’

পুলিশ জানায়, হামলার সময় পাঁচটি গুলি ছোড়া হয়। এতে টাইগার শ্রফের গাড়িচালক ফিরদৌসের বাঁ হাতে গুলি লাগে। অভিনেতার গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তিও আহত হন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীরা মোটরসাইকেলে করে এসভি রোডের দিকে পালিয়ে যায়। পরে তারা আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের বাইরে মোটরসাইকেলটি ফেলে রেখে যায়।

পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ১৫টি দল গঠন করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলাটি মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখায় (ক্রাইম ব্রাঞ্চ) হস্তান্তর করা হতে পারে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলাটি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি করে হামলার দায় স্বীকার করা হয়েছে। তবে পোস্টটির সত্যতা এখনো যাচাই করেনি পুলিশ।

আরও