বিশ্বজুড়ে প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬ শতাংশ এ ছাঁটাইয়ের আওতায় পড়তে পারেন। ২০২২ সালের পর এটিই হতে যাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্মটির সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ। বুধবার সকালে কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে ছাঁটাইয়ের বিষয়টি জানান প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ পিটার্স ও টেড সারানডোস। ধারণা করা হচ্ছে, ছাঁটাইয়ের শিকার হওয়া কর্মীদের অধিকাংশই নেটফ্লিক্সের পণ্য উন্নয়ন, প্রযুক্তি, আইন ও মানবসম্পদ বিভাগে কাজ করেন। ই-মেইলে কর্মীদের উদ্দেশে তারা লেখেন, ‘বিশ্বের মানুষকে বিনোদন দেয়া আমাদের লক্ষ্য। এটি অত্যন্ত উচ্চাভিলাষী একটি লক্ষ্য। তা বাস্তবায়নে আমাদের কর্মী ও সম্পদ কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে, সে বিষয়ে শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে।’