‘বিশেষ কিছু নিয়ে দর্শকদের সামনে আসতে চাই’

গ্ল্যামার, অভিনয়, গান কিংবা নাচ—সবখানেই পারফরম্যান্স দিয়ে দুই বাংলাতেই সমান জনপ্রিয়তা অর্জন করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

রুপালি পর্দার পাশাপাশি সংগীত ভুবনেও তার রয়েছে চমৎকার গ্রহণযোগ্যতা। দীর্ঘ বিরতির পর ঈদুল আজহায় ভক্তদের জন্য ক্যারিয়ারের পঞ্চম গান নিয়ে হাজির হয়েছেন এ তারকা। ফোক-পপ ঘরানার নতুন গানটির শিরোনাম ‘লোকে বলে’।

এ গানের মাধ্যমে নুসরাত ফারিয়া প্রথমবার কাজ করলেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে। ফুয়াদের চমৎকার সুরে কণ্ঠ দিয়ে ফারিয়া যেমন শ্রোতাদের চমকে দিয়েছেন, তেমনি মিউজিক ভিডিওতেও রয়েছে বড় সারপ্রাইজ। ভিডিওর শুরুতে ফুয়াদের জমকালো এন্ট্রি এবং পরবর্তী সময়ে চেনা গ্ল্যামারাস লুকে ফারিয়ার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক।

পুরো গানে ফারিয়াকে বেশ কয়েকটি আকর্ষণীয় লুকে দেখা গেছে। একদিকে আধুনিক পোশাকে যেমন তাকে দারুণ লাগছিল, অন্যদিকে উৎসবের আমেজে লেহেঙ্গা পরে তার চেনা ছন্দের নাচ ভিডিওতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

নতুন গান নিয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া বলেন, ‘দারুণ সাড়া পাচ্ছি। ফেসবুকে ঢুকলেই এখন সামনে শুধু “‍লোকে বলে” গানটি আসছে। খুব অল্প সময়ে গানটি সবার মাঝে ছড়িয়ে গেছে এবং দিনদিন এর ভিউ বাড়ছে। গানটি দর্শক পছন্দ করবে, এ বিশ্বাস আমার আগে থেকেই ছিল।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ গায়িকা জানান, তার গাওয়া আরো দুটি গান এরই মধ্যে তৈরি করা আছে। তবে ভালো সময় দেখে সেগুলো প্রকাশ করবেন। আপাতত নতুন গানটি নিয়েই মেতে থাকতে চান তিনি। ফারিয়া বলেন, ‘এখন “‍লোকে বলে” গানটির আমেজে আছি। এই ভালো লাগাটা আরো কিছুদিন উপভোগ করতে চাই। নতুন গান নিয়ে আমার কোনো তাড়াহুড়ো নেই। এ গানের রেশ শেষ হওয়ার পর নতুন কাজের পরিকল্পনা করব।’

সংগীতের পাশাপাশি ফারিয়ার সিনেমার খবরের দিকেও ভক্তদের কৌতূহল রয়েছে। সর্বশেষ গত বছর তাকে ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা গিয়েছিল। সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া না জাগালেও এর ‘কন্যা’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায় এবং পর্দায় ফারিয়া ও সজলের অভিনয় দর্শক পছন্দ করে।

নতুন সিনেমার বিষয়ে ফারিয়া স্বভাবসুলভ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি আগে থেকে খবর দিয়ে কাজ করতে চাই না। কাজ শেষ করে তারপর দর্শকদের খবর দিতে চাই। তাছাড়া যেনতেনভাবে পর্দায় হাজির হতে আমার ভালো লাগে না। সবসময় বিশেষ কিছু নিয়ে দর্শকদের সামনে আসতে চাই, যা মনে রাখার মতো হবে।’

বর্তমানে নুসরাত ফারিয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা বাংলাদেশ ও কলকাতা—দুই বাংলাতেই মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে ‘ট্রাইব্যুনাল’ ও ‘ফুটবল একাত্তর’। এছাড়া নাম ঠিক না হওয়া আরো কিছু সিনেমার কাজ শেষ করে রেখেছেন এই গ্ল্যামারাস কন্যা, যা সঠিক সময়ে দর্শকদের সামনে আসবে।

আরও