নায়িকা থেকে গায়িকা তুষি

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি এবার দর্শকের সামনে হাজির হচ্ছেন একেবারেই নতুন এক পরিচয়ে।

আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

সিনেমায় তার গাওয়া গানটির শিরোনাম ‘পাগলীর প্রেম জ্বালা’। সম্প্রতি রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজিত ‘রইদের গান’ শিরোনামের একটি কনসার্টে গানটি লাইভ গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। গানটি এরই মধ্যে শ্রোতাদের মাঝে বেশ কৌতূহল ও সাড়া জাগিয়েছে।

নতুন এ অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত নাজিফা তুষি বলেন, ‘এ সিনেমায় আমার কণ্ঠে একটি গান থাকছে, যা আমার জন্য অত্যন্ত বিশেষ। মূলত অভিনয়ের মানুষ হলেও গান সবসময়ই আমার ভেতরের একটি ভালোবাসার জায়গায় ছিল। রইদ টিম যখন আমাকে গানটি গাওয়ার প্রস্তাব দেয়, তখন দর্শক কীভাবে নেবে, তা নিয়ে কিছুটা ভয় কাজ করছিল। তবে রবীন্দ্রসরোবরের কনসার্টে দর্শকের যে পরিমাণ ভালোবাসা ও আন্তরিক প্রতিক্রিয়া পেয়েছি, তা সত্যিই অভাবনীয়। আমার মনে হয়েছে, গানটি মানুষের হৃদয়ে পৌঁছতে পেরেছে। আসলে রইদ সিনেমার গল্প ও এর আবহ একদম মাটির কাছাকাছি, সে অনুভূতিই আমি নিজের কণ্ঠে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’"

পাগলীর প্রেম জ্বালা গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানি এবং এর সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।

উল্লেখ্য, রইদ সিনেমাটিকে কেন্দ্র করে এরই মধ্যে তিনটি গান প্রকাশ পেয়েছে। এর মধ্যে ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটিতে কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। এছাড়া পশ্চিমবঙ্গের প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী এবং সর্বশেষ ১৫ মে মুক্তি পেয়েছে মেঘদল ব্যান্ডের ‘রহে না’ গানটি।

একজন সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও তাদের বাড়ির পাশের একটি তালগাছকে ঘিরে আবর্তিত হয়েছে এ সিনেমার মূল কাহিনী। এর ভেতর দিয়ে মূলত আদম-হাওয়ার আদিম আখ্যানকে রূপক অর্থে পর্দায় নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনির গল্পে নাজিফা তুষি ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েতের মতো শক্তিশালী অভিনেতারা। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ, রফিকুল ইসলাম পল্টু ও সুকর্ণ শাহেদ ধীমান।

আরও