সুনিধির প্রথম অ্যালবাম ‘আড়ালে’

রবীন্দ্রসংগীত শিল্পী সুনিধি নায়েক ভারতের আসানসোলের। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে বিয়ের পরে বাংলাদেশেই বেশির ভাগ সময় থাকেন তিনি।

রবীন্দ্রসংগীত শিল্পী সুনিধি নায়েক ভারতের আসানসোলের। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে বিয়ের পরে বাংলাদেশেই বেশির ভাগ সময় থাকেন তিনি। একাধিক গানে অর্ণবের সঙ্গী হয়েছেন সুনিধি। এবার নতুন খবর হলো মুক্তি পেয়েছে তার প্রথম মৌলিক গানের অ্যালবাম। তিনি জানান, তার অ্যালবামের নাম ‘আড়ালে’ আর এতে পাঁচটি গান আছে। ২ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে অ্যালবামের প্রথম গান আড়ালে। 

শিল্পীর ইউটিউব চ্যানেল, স্পটিফাই, আমাজন মিউজিক, অ্যাপল মিউজিক, আইটিউনসহ বিভিন্ন অডিও প্লাটফর্মে শোনা যাচ্ছে গানটি। সুনিধি নায়েক জানান, প্রথম গান প্রকাশের এক সপ্তাহ পরপর আসবে বাকি চারটি গান। কণ্ঠ দেয়ার পাশাপাশি তিনটি গানের সুরও করেছেন তিনি। এ ছাড়া গান লেখা ও সংগীতায়োজনে যুক্ত হয়েছেন তার শান্তিনিকেতনের কয়েকজন বন্ধু।

সুনিধি বলেন, ‘নিজের মৌলিক গানের অ্যালবাম করার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। আমি এরই মধ্যে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম রেডি করে রেখেছি। তবে ইচ্ছা ছিল প্রথম অ্যালবামটি মৌলিক গান নিয়ে করতে। সে কারণে অপেক্ষা করেছি। আড়ালে অ্যালবামের প্রতিটি গান তৈরির অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। দেড় বছর ধরে আড়ালে অ্যালবাম নিয়ে কাজ করছি আমরা। অ্যালবামে পাঁচটি গান পাঁচ রকমের হয়েছে। যে সময়ের মধ্য দিয়ে আমার জীবনযাপন, সে সময়কে গানের মধ্য দিয়ে ধরতে চেয়েছি।’

সুনিধি রবীন্দ্রসংগীত নিয়ে পড়াশোনা করেছেন বিশ্বভারতী থেকে। পণ্ডিত অজয় চক্রবর্তীসহ বেশ কয়েকজন ওস্তাদের কাছে দেড় যুগের বেশি সময় ধরে শিখেছেন শাস্ত্রীয় সংগীত। ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘এই তো তোমার আলোকধেনু’, ‘ও যে মানে না মানা’র মতো রবীন্দ্রসংগীত দিয়ে প্রশংসা পেয়েছেন সুনিধি। কোক স্টুডিও বাংলার দুই সিজনেও গান গেয়েছেন সুনিধি।

আরও