কেন অনিয়মিত শমী?

নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি তারকা শমী কায়সারের জন্মদিন আজ। বর্তমানে যদিও এ অভিনেত্রী টেলিভিশন নাটকে নিয়মিত নন।

নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি তারকা শমী কায়সারের জন্মদিন আজ। বর্তমানে যদিও এ অভিনেত্রী টেলিভিশন নাটকে নিয়মিত নন। তার জন্ম প্রখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির ঘরে। ১৯৮৯ সালে প্রয়াত প্রযোজক আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘কে বা আপন কে বা পর’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এরপর তিনি ইমদাদুল হক মিলনের রচনায় ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যত দূরে যাই’-এ অভিনয় করে বেশ প্রশংসিত হন। এরপর একাধিক নাটকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। 

পর্দায় তাকে বর্তমানে না দেখা গেলেও এ তারকাকে নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। দর্শক এখনো তাকে পর্দায় দেখতে চায়, এ নিয়ে বলতেই শমী কায়সার বলেন, ‘বিষয়টা আমি জানি। তাই দর্শকের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রেখেই বলছি, আমি নিজেকে এত কাজের সঙ্গে জড়িয়ে নিয়েছি যে অভিনয়ে আলাদাভাবে সময় দেয়া কঠিন। মাঝেমধ্যে টুকটাক অভিনয় করি, সেটা একান্তই ভালো লাগা থেকে। কারণ আমি যা কিছুই করি না কেন, অভিনয় আমার ভালো লাগা, ভালোবাসা। হৃদয়ের গভীর থেকে আমি একে অনুভব করি। আর হয়তো এ কারণে দর্শক আমাকে একজন অভিনেত্রী হিসেবেই দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমিও খুব মিস করি অভিনয়ের জায়গাটুকু। কিন্তু কিছু করার নেই।’ 

জন্মদিন প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘জন্মদিনে সবাই বিশেষভাবে আমাকে মনে করেন, শুভেচ্ছা জানান, ‌এটাই অনেক ভালো লাগার বিষয় আমার কাছে। গত কয়েক বছর জন্মদিনটা পরিবার ও শ্বশুর বাড়িতেই কাটছে। আজ যথারীতি অফিস করব। তারপর কোনো এক সময় আম্মা আসবেন আমার বাসায়। আর রাতে বরের সঙ্গে বাইরে খেতে যেতে পারি। এভাবেই এবারের জন্মদিন কাটবে। সবার কাছে দোয়া চাই।’

শমী কায়সার সর্বশেষ ২০১৮ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় বুদ্ধিজীবী দিবসের বিশেষ নাটক ‘সাড়ে তিনখানা চিঠি’-তে অভিনয় করেন। এরপর তাকে আর নতুন কোনো নাটকে দেখা যায়নি। চলচ্চিত্রে অভিনয় করেও শমী নজর কেড়েছিলেন। এর মধ্যে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাছন রাজা’ এবং তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালন’ সিনেমা দুটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। শমী কায়সার মঞ্চনাটকের সঙ্গে যুক্ত আছেন প্রায় দুই যুগ। ঢাকা থিয়েটারের নাট্যকর্মী হিসেবে বেশকিছু মঞ্চনাটকে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে সেলিম আল দীন রচিত ‘হাতহদাই’ অন্যতম। চলচ্চিত্রে অভিনয় করেও তিনি প্রশংসা পেয়েছেন। ১৯৯৭ সালে শমী কায়সার গড়ে তোলেন তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রডাকশন। 

অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে ব্যবসার সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত আছেন এ তারকা। অনলাইন উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-এ সভাপতি নির্বাচিত হন শমী কায়সার। এর আগেও তিনি সংগঠনটির সভাপতি পদে ছিলেন। ২০২০ সালের অক্টোবরে ব্যবসায়ী রেজা আমিন সুমনকে বিয়ে করেন এ অভিনেত্রী। 

আরও