প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেয়ার পরিকল্পনা করছে ওটিটি প্লাটফর্ম চরকি। বিনোদন অঙ্গনে গতি ফেরাতে গত ৫ সেপ্টেম্বর অরিজিনাল ফিল্ম মুক্তি দিয়েছিল দেশের জনপ্রিয় এ প্লাটফর্ম। এবার এর প্রয়াস সিনেমাঙ্গনকে চাঙ্গা করার। তাই ১৫ অক্টোবর বিকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়া হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘৩৬–২৪–৩৬’।
মোনতাসির মান্নানের রচনায় ও রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন ও কারিনা কায়সার।
সম্পর্ক ও অনুভূতির নানা দিক উঠে আসবে এ সিনেমায়। ’মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা এটি।
দর্শককে প্রাণবন্ত করে তুলতেই রোমান্টিক কমেডি ধাঁচের এ সিনেমার মুক্তির পরিকল্পনা বলে জানান চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। সঙ্গে ড্রামা ঘরানার নানা মেজাজ তো আছেই।
রেদওয়ান রনি জানান, রাজনৈতিক পালাবদলের পর যখন কনটেন্ট মুক্তির কথা কেউ ভাবছিলেন না, তখন ওয়েব ফিল্ম মুক্তির সাহসটা দেখায় চরকি। এবারের পরিকল্পনা আরেকটু বড়।
পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ’দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহ স্থবির হয়ে আছে। নতুন সিনেমা থাকলেও তা মুক্তি দিতে অনেকেই করছেন নানা হিসাব-নিকাশ। চরকিরও অনেক কিছু ভাবতে হয়, কিন্তু সেসব এত না ভেবে আমরা চেয়েছি এবার এগিয়ে যেতে। আমাদের বিশ্বাস, চরকির এ পদক্ষেপ অনেক প্রযোজককে সিনেমা মুক্তি দিতে উৎসাহী করবে এবং দর্শকও প্রেক্ষাগৃহে ফিরবে।’
৩৬–২৪–৩৬ ওয়েব ফিল্ম হিসেবে গত জুলাইয়ে মুক্তির কথা ছিল চরকিতে। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন আর কনটেন্টটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। এখন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। এ ব্যাপারে রেদওয়ান রনি বলেন, ‘৩৬–২৪–৩৬ সিনেমা হিসেবেই নির্মাণ করা হয়েছে। প্লাটফর্মের কারণে আমরা এটাকে ওয়েব ফিল্ম বলছিলাম। প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যে নির্মাণশৈলী, আয়োজন ও গল্প বলার ঢঙ্গেয়ের প্রয়োজন হয়, তার কোনো কমতি নেই এতে। সেটি দর্শক দেখলেই বুঝতে পারবে।’
চরকি অরিজিনাল ফিল্ম ৩৬–২৪–৩৬-এর পরিচালক রেজাউর রহমান বেশ উচ্ছ্বসিত। এই প্রথমবারের মতো তার পরিচালিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়। এর আগে চরকি অরিজিনাল সিরিজ ’ইন্টার্নশিপ’ নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি।
রেজা বলেন, ‘৩৬–২৪–৩৬ সিনেমাটি খুবই কালারফুল ও বড় আয়োজনে নির্মাণ করতে চেয়েছি। মজা রাখার চেষ্টা করেছি সংলাপ ও ঘটনায়। এটি থেকে দর্শক কিছু বার্তাও পাবে বলে আশা করি। এর আগে ইন্টার্নশিপ দেখে যেমন মজা পেয়েছিল দর্শক, আমার বিশ্বাস, এ সিনেমা দেখেও তেমন মজা পাবে তবে ভিন্ন প্রেক্ষাপটে।’
সিনেমাটির প্রযোজক রেদওয়ান রনি জানান, ৩৬–২৪–৩৬ সার্টিফিকেশন বোর্ডে জমা হয়েছে। গ্রেড সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে মুক্তির তারিখ। এ সিনেমায় সায়রা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। তিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। নতুন বরের ভূমিকায় দেখা যাবে সৈয়দ শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। আর প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। এই তিনের মধ্যকার ঘটনা নিয়েই গড়ে উঠেছে সিনেমার কাহিনী।
সিনেমায় আরো অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।