১৭৮ কোটি ডলারে বিক্রি হলো ডেভিড গিলমোরের গিটার

গত ১২ মার্চ নিউইয়র্কের ক্রিস্টি’জ একটি নিলামের আয়োজন করে। নিলামটি সংগীতের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে।

বিশ্ববিখ্যাত রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’-এর গিটারিস্ট এবং কণ্ঠশিল্পী ডেভিড গিলমোরের কিংবদন্তিতুল্য ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটারটি বিক্রি হয় প্রায় ১ কোটি ৪৫ লাখ ডলারে। বাংলাদেশী টাকায় যা প্রায় ১৭৮ কোটি টাকার মতো। এটিকে সর্বকালের সবচেয়ে দামি নিলামকৃত গিটার বলে অভিহিত করা হয়। একই সন্ধ্যায় একের পর এক জনপ্রিয় এ শিল্পীর অন্যান্য গিটারও কোটি কোটি টাকায় বিক্রি হয়। ফলে সেই বিক্রি পরিণত হয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিটার নিলামে।

‘ব্ল্যাক স্ট্র্যাট’ নামের গিটারটি কখনই একটি আইকনে পরিণত হওয়ার উদ্দেশ্যে তৈরি হয়নি। সত্তরের দশকের শুরুর দিকে নিউইয়র্কে গিলমোর এটি কিনেছিলেন একটি সাধারণ ইলেকট্রিক গিটার হিসেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এতে এসেছে অসংখ্য পরিবর্তন, পিকআপ বদলেছে, নেক পাল্টানো হয়েছে, ফিনিশিংয়ে হয়েছে নতুন রূপান্তর। ধীরে ধীরে এটি আর কেবল একটি কাস্টমাইজড গিটার নয়, বরং হয়ে উঠল এক ক্রমবিবর্তিত সংগীত-সরঞ্জাম, যা ‘পিংক ফ্লয়েড’-এর নিজস্ব শব্দ-পরিচিতির এক অবিচ্ছেদ্য অংশ।

এ গিটারই বহন করেছে দ্য ডার্ক সাইড অব দ্য মুন, উইশ ইউ ওয়্যার হিয়ারও দ্য ওয়ালের মতো অ্যালবামের সুর। এর সবচেয়ে অমর মুহূর্ত সম্ভবত ধরা পড়ে কমফোর্টেবলি নাম্বের সেই গিটার সলোতে, যা আজ বিশ্ব সংস্কৃতির স্মৃতিতে স্থায়ীভাবে খোদাই হয়ে আছে।

দশক পেরিয়ে ২০১৯ সালে গিলমোর হঠাৎই তার বিশাল গিটার সংগ্রহের একটি বড় অংশ বিক্রি করার সিদ্ধান্ত নেন। সেই বিক্রির কেন্দ্রবিন্দু ছিল ‘ব্ল্যাক স্ট্র্যাট’, যা প্রায় ৩৯ লাখ ডলারে বিক্রি হয়ে তখনকার বিশ্বরেকর্ড গড়ে। এর ক্রেতা ছিলেন জিম ইসরে নামের একজন ব্যবসায়ী। তিনি সংস্কৃতির নিদর্শন সংগ্রহে নিবেদিতপ্রাণ এক অনুরাগী।

২০২৫ সালে ইসরের মৃত্যুর পর তার বিশাল সংগ্রহের ভবিষ্যৎ হয়ে ওঠে অনিশ্চিত। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হয় এগুলো নিলামে তোলার, যার পরিণতিতে ২০২৬ সালের এ ঐতিহাসিক রাতের সূচনা।

‘ব্ল্যাক স্ট্র্যাট’ বিক্রির মুহূর্তে তৈরি হয় এক তীব্র বিডিং যুদ্ধ, যা কয়েক মিনিট ধরে চলেছিল এবং আকর্ষণ করেছিল সংগ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর তুমুল আগ্রহ। যখন শেষ হাতুড়ি পড়ে প্রায় ১ কোটি ৪৫ লাখ ডলারে, তখন তা শুধু আগের রেকর্ড ভাঙেনি, বরং দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। অল্প সময়ের ব্যবধানে আরো দুই কিংবদন্তি রক শিল্পী জেরি গারসিয়া ও কার্ট কোবেইনের কিংবদন্তি গিটারগুলোও অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়। বিস্ময়করভাবে এক সন্ধ্যাতেই গিটারের মূল্যের রেকর্ড একাধিকবার ভেঙে যায়।

নিলাম শেষে দেখা যায়, এ বিক্রি থেকে উঠে এসেছে কয়েক কোটি ডলার এবং গড়ে উঠেছে ২০টিরও বেশি রেকর্ড, যা একে ইতিহাসের সবচেয়ে বৃহৎ ও তাৎপর্যপূর্ণ গিটার নিলামে পরিণত করেছে।

সূত্র: বিবিসি

আরও