ট্র্যাজেডি কিং-এর শেষ সিনেমা নিয়ে বেদনাদায়ক স্মৃতি

শাহরুখ খানকে নকল করছেন দিলীপ কুমার!

দিলীপ কুমারের অভিনয়ে নিজস্বতা, নীরবতার ব্যবহার এবং সামান্য অভিব্যক্তির মাধ্যমেই আবেগ প্রকাশের ক্ষমতা পরবর্তী প্রজন্মের অনেক অভিনেতাকে প্রভাবিত করেছে। তাদের মধ্যে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানও রয়েছেন। দুজনেই নিজেদের অভিনয়জীবনে দিলীপ কুমারের গভীর প্রভাবের কথা বলেছেন

কয়েক দশক ধরে দিলীপ কুমারকে বলিউডের অবিসংবাদিত ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে বিবেচনা করা হয়েছে। অভিনয়ে দক্ষতা, সংযম এবং পর্দায় উপস্থিতির দিক থেকে তিনি ছিলেন অনন্য। কয়েক দশকের ক্যারিয়ারে ৫০টির কিছু বেশি সিনেমায় অভিনয় করলেও তার প্রভাব ছড়িয়ে পড়েছিল বহুদূর।

দিলীপ কুমারের অভিনয়ে নিজস্বতা, নীরবতার ব্যবহার এবং সামান্য অভিব্যক্তির মাধ্যমেই আবেগ প্রকাশের ক্ষমতা পরবর্তী প্রজন্মের অনেক অভিনেতাকে প্রভাবিত করেছে। তাদের মধ্যে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানও রয়েছেন। দুজনেই নিজেদের অভিনয়জীবনে দিলীপ কুমারের গভীর প্রভাবের কথা বলেছেন।

দিলীপ কুমারের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিলা’ পরিচালনা করেছিলেন উমেশ মেহরা। সিনেমাটি মুক্তির পর এ নির্মাতাকে এক বেদনাদায়ক বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। কারণ ভারতীয় সিনেমার একসময়ের এই মহীরুহকে নতুন প্রজন্মের অনেকেই আর ঠিকমতো চিনতেন না।

ডিডি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে উমেশ মেহরা বলেন, দিলীপ কুমার প্রায় দুই দশক সিনেমা থেকে দূরে ছিলেন। তার ভাষায়, ‘আমি যখন তার সঙ্গে কাজ করি— তখন তিনি মনে হয়, ১৫, ১৭ বা ১৮ বছর কোনো সিনেমা করেননি। তিনি অভিনয় করতে ভুলে যাননি, কিন্তু মানুষ তাকে ভুলে গিয়েছিল। আমরা যারা চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত ছিলাম, তারা জানতাম দিলীপ কুমার কে। কিন্তু সাধারণ মানুষ তাঁকে ভুলে গিয়েছিল।’

তবে ‘কিলা’ প্রদর্শনের সময় ঘটে যাওয়া একটি ঘটনা মেহরার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছিল। সিনেমার বিরতির সময় দর্শকদের প্রতিক্রিয়া শুনছিলেন তিনি। তখন এক শিশুকে তার বাবার সঙ্গে কথা বলতে শুনেছিলেন।

মেহরা বলেন, ‘একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি দেখেছিলাম। ছোট ছেলেরা জানতই না তিনি কে। বিষয়টি খুব কষ্টের। একটি শিশুর বলা কথা এখনো আমার কানে বাজে। বিরতির সময় আমরা দর্শকদের প্রতিক্রিয়া শুনছিলাম। ছেলেটি হল থেকে বের হওয়ার সময় তার বাবাকে বলল, “বাবা, উনি তো শাহরুখ খানকে নকল করছেন”।’

শাহরুখ খানের সঙ্গে দিলীপ কুমারের সম্পর্কের কথা মনে করলে শিশুটির মন্তব্যের বিদ্রূপাত্মক দিকটি আরো স্পষ্ট হয়। শাহরুখের প্রতি দিলীপ কুমার ও তার স্ত্রী সায়রা বানুর ছিল গভীর স্নেহ। সায়রা বানু আদর করে এ অভিনেতাকে নিজেদের ‘সন্তান’ বলতেন। শাহরুখ সব সময় দিলীপ কুমারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন এবং নিয়মিত তাকে দেখতে যেতেন।

দিলীপ কুমারের সঙ্গে নিজের প্রথমদিকের একটি সাক্ষাতের কথাও শাহরুখ একবার মজার ছলে স্মরণ করেছিলেন। ২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডসে অনুষ্ঠানের উপস্থাপনা করার সময় তিনি বলেছিলেন, দিলীপ কুমার তাকে মজা করে একটি ‘চড়’ দিয়েছিলেন।

শাহরুখ বলেছিলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ বম্বেতে এসে প্রথমবার দিলীপ সাহাবের সঙ্গে দেখা করার সময় তিনি আমার গালে হালকা করে টোকা দিয়ে বলেছিলেন, “কঠোর পরিশ্রম করো!” তবে বলে রাখি, পেশোয়ারের কোনো মানুষ হালকা করে টোকা দিলেও সেটা বিশাল এক চড়ের মতো মনে হয়।’

এরপর হাসতে হাসতে তিনি বলেছিলেন, ‘তবে আমার আপত্তি নেই। কারণ ওই ছোট্ট চড়ই আমার অভিনয়জীবনকে পরের এক দশক এগিয়ে দিয়েছিল। এখন মনে হয়, ক্যারিয়ার আবার এগিয়ে নিতে হলে দিলীপ সাহাবকে আরেকটি জোরালো চড় দিতে বলব। হয়তো তাতে আরো দুই দশক প্রাসঙ্গিক থাকতে পারব।’

দিলীপ কুমার ২০২১ সালের ৭ জুলাই ৯৮ বছর বয়সে মারা যান।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

আরও