স্ট্যানলি কুবরিক পরিচালিত সিনেমা ‘দ্য শাইনিং’। ১৯৮০ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেন জ্যাক নিকলসন। সিনেমায় একটি দরজা ভাঙতে কুঠার ব্যবহার করেন তিনি। সঙ্গে ছিল তার বিখ্যাত সংলাপ ‘হিয়ারস জনি’। এ আইকনিক কুঠারটি নিলামে উঠছে। কেবল এটিই নয়। কুবরিকের ব্যক্তিগত সংগ্রহে থাকা আরো কিছু সামগ্রীও নিলামে উঠছে।
সিনেমায় নিকলসনের চরিত্র জ্যাক টরেন্স একটি কুঠার দিয়ে বন্ধ দরজায় গর্ত করে ঢোকার চেষ্টা করে। দরজাটির ওপাশে আতঙ্কিত অবস্থায় ছিল তার স্ত্রী ওয়েন্ডি। এ চরিত্রে অভিনয় করেছিলেন শেলি ডুভাল। স্ক্যাটম্যান ক্রদার্স অভিনীত ডিক হ্যালোরানকে হত্যার ক্ষেত্রেও এ কুঠারই ব্যবহার করা হয়। চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম বিখ্যাত এ কুঠারের নিলামমূল্য ধরা হয়েছে ৩০-৫০ হাজার পাউন্ড (৮০ লাখ টাকা)।
নিলামে দ্য শাইনিংয়ের আরো কিছু সামগ্রী থাকছে। এর মধ্যে রয়েছে যমজ বোন অ্যালেক্সা ও অ্যালেক্সি গ্র্যাডির পরা দুটি আকাশি-নীল পোশাক। সিনেমার স্মরণীয় একটি দৃশ্যে তাদের এ পোশাকেই দেখা যায়।
ড্যানির ট্রাইসাইকেল অবশ্য নিলামে থাকছে না। তবে সিনেমাটিতে ব্যবহৃত একটি ক্ল্যাপারবোর্ড নিলামে উঠছে। কুবরিকের সিনেমার ব্যবহৃত মোট চারটি ক্ল্যাপারবোর্ডের মধ্যে এটি একটি। বাকি তিনটি তার ‘২০০১: আ স্পেস ওডিসি’, ১৯৭৫ সালের ঐতিহাসিক চলচ্চিত্র ‘ব্যারি লিন্ডন’ এবং তার সর্বশেষ সিনেমা ‘আইজ ওয়াইড শাট’ থেকে। নিলামটি অনুষ্ঠিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি লন্ডনের বোনহ্যামসে। তার আগে আগামী সপ্তাহ থেকে বোনহ্যামসের নিউইয়র্ক শাখায় শুরু হবে সামগ্রীগুলোর সর্বসাধারণের জন্য প্রদর্শনী। এরপর প্রদর্শনী যাবে লস অ্যাঞ্জেলেস, প্যারিস ও সবশেষে ১৮ জানুয়ারি লন্ডনে।
‘২০০১: আ স্পেস ওডিসি’র শেষ দৃশ্যে দেখা মহাজাগতিক ভ্রূণের মডেলটির সর্বোচ্চ দাম উঠতে পারে নিলামে। ‘স্টার চাইল্ড প্রপ’ নামেও পরিচিত এ সামগ্রীর সম্ভাব্য দাম ৮ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ দাম নির্ধারণের কারণ ব্যাখ্যা করে বোনহ্যামসের পপুলার কালচার বিভাগের প্রধান ক্লেয়ার টোল-মোয়ার বলেন, ‘এটি চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী সায়েন্স ফিকশন সিনেমার শেষ দৃশ্যের সে রহস্যময় ছবি। এটি বিবর্তন, নতুন সূচনা, নিষ্পাপতা ও অস্পষ্টতার প্রতীক। ২০০১: আ স্পেস ওডিসি শুধু কুবরিকের অন্যতম সেরা সিনেমাই নয়, এটি একটি চলচ্চিত্র শিল্পের মাস্টারপিস। তাই সিনেমাটির শেষ দৃশ্যের এ আইকনিক প্রপটি নিলামে তোলার সুযোগ পাওয়া সত্যিই দারুণ উত্তেজনাকর।’
নিলামে টোল-মোয়ারের সবচেয়ে পছন্দের সামগ্রী হলো কুবরিকের সিনেমার চিত্রনাট্যগুলো। এসব চিত্রনাট্যে পরিচালকের নিজের হাতে করা টীকা, আঁকিবুঁকি ও বিকল্প দৃশ্যের নোটও রয়েছে।
তিনি বলেন, ‘তার চিত্রনাট্যগুলো অসাধারণ ও গুরুত্বপূর্ণ। এগুলো দ্য শাইনিং, ২০০১: আ স্পেস ওডিসি ও লোলিতাসহ তার সবচেয়ে বিখ্যাত সিনেমাগুলো নির্মাণের সময় স্ট্যানলির সৃজনশীল যাত্রার এক অসাধারণ অন্তর্দৃষ্টি আমাদের সামনে তুলে ধরে।’
নিলামে থাকছে ১৯৬০ সালের কুবরিকের সিনেমা ‘স্পার্টাকাস’-এর তার নিজের ব্যবহৃত চিত্রনাট্যও। নিলামে থাকছে কুবরিকের পরিচালকের চেয়ারটিও, যার মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১২ হাজার পাউন্ড।
সূত্র: দ্য গার্ডিয়ান