বিশ্বজুড়ে ভক্তদের জন্য লাইভ কনসার্ট নিয়ে আসছেন পপতারকা শাকিরা। আগামী ৩ অক্টোবর মাদ্রিদে তার ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ ওয়ার্ল্ড ট্যুরের বিশেষ কনসার্ট সরাসরি সম্প্রচার করবে অ্যামাজন মিউজিক। মাদ্রিদের ইবারদ্রোলা মিউজিক ভেন্যু থেকে কনসার্টটি সরাসরি উপভোগ করা যাবে। কনসার্টটি দেখা যাবে অ্যামাজন মিউজিক, প্রাইম ভিডিও, ফায়ার টিভি ও টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলে। এজন্য কোনো পেইড সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। যারা সরাসরি সম্প্রচারটি দেখতে পারবেন না, তারাও পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এটি পুনরায় দেখার সুযোগ পাবেন। শাকিরার সংগীত ক্যারিয়ারে এটিই প্রথম পূর্ণাঙ্গ কনসার্ট, যা বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া মাদ্রিদ রেসিডেন্সি চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। এ সময় মোট ১২টি কনসার্টে পারফর্ম করবেন এ কলম্বিয়ান পপতারকা।