৯৮তম অস্কারের মঞ্চে মূল চরিত্রে সেরা অভিনেত্রীর মুকুট পরলেন আইরিশ তারকা জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় উইলিয়াম শেক্সপিয়রের স্ত্রী ‘অ্যাগনেস’এর চরিত্রে তার হৃদয়স্পর্শী অভিনয় দর্শক ও বিচারকদের চোখে অশ্রু এনে দিয়েছিল।
দ্বিতীয়বারের মতো অস্কার মনোনয়ন পেয়েই বাজিমাত করলেন এই অভিনেত্রী। উল্লেখ্য, জেসি বাকলিই প্রথম আইরিশ নারী হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার জয়ের ইতিহাস গড়লেন। পুরস্কার গ্রহণের সময় হাসিতে ফেটে পড়া বাকলি আবেগ সামলে নিয়ে বলেন, আজ যুক্তরাজ্যে মা দিবস। তাই আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি মাতৃত্বের সেই ‘বিউটিফুল কেয়স’ বা মায়াবী অস্থিরতাকে, যা আমাদের হৃদয়ে এক অদ্ভুত আনন্দের জন্ম দেয়। যারা প্রতিকূলতার মাঝেও থাকে সৃষ্টিশীল।
ম্যাগি ও'ফারেলের ২০২০ সালের পুরস্কারজয়ী ঐতিহাসিক উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘হ্যামনেট’। সিনেমার মূল ভিত্তি শেক্সপিয়রের ১১ বছর বয়সী ছেলে হ্যামনেটের মৃত্যু এবং পরবর্তী তীব্র শোক। জেসির অভিনয় এতটাই নিপুণ ছিল যে, বিশ্বজুড়ে অনেক সমালোচক মন্তব্য করেছিলেন সিনেমাটি দেখার সময় এক বক্স টিস্যু সাথে রাখা বাধ্যতামূলক। শেক্সপিয়রের বিখ্যাত নাটক ‘হ্যামলেট’-এর জন্ম যে এই ব্যক্তিগত ট্র্যাজেডি থেকেই, সেই রহস্যময় সংযোগই তুলে ধরা হয়েছে এ সিনেমায়।
এবারের অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। এমা স্টোন (বুগোনিয়া) এবং কেট হাডসনের (সং সাং ব্লু) মতো দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জেসির এই জয় ছিল কিছুটা প্রত্যাশিত। কারণ অস্কারের আগে গোল্ডেন গ্লোব, বাফটা এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও তিনি সেরা অভিনেত্রীর সম্মান জিতেছিলেন। ‘দ্য লস্ট ডটার’ সিনেমার জন্য এর আগে একবার সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেলেও এবার আর খালি হাতে ফিরতে হয়নি তাকে।