‘‌নীলপরী’তে শারলিন ফারজানা

অভিনেত্রী শারলিন ফারজানা। টিভি নাটকে অভিনেতা অপূর্ব ও নিশোর বিপরীতে বেশকিছু নাটকে অভিনয় করে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

শুধু নাটকেই নয়, সিনেমাতেও অভিনয় করেছেন শারলিন। তবে মাঝে অভিনয় থেকে কিছুদিনের বিরতিতে ছিলেন এ অভিনেত্রী।

এক বছরেরও বেশি সময় আগে খায়রুল বাসারের বিপরীতে পথিক সাধনের পরিচালনায় ‘ভালোবাসা ভালো রাখার উপায়’ নাটকে অভিনয় করেছিলেন শারলিন। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন তিনি। এরই মধ্যে তরুণ নাট্যনির্মাতা মাশরিকুল আলমের পরিচালনায় ‘নীলপরী’ নাটকে অভিনয় করেছেন তিনি। ইমদাদ বাবুর রচনায় নির্মিত নাটকটিতে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব।

অপূর্বর সঙ্গে এর আগে প্রায় ৩০টি নাটকে অভিনয় করেছেন শারলিন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ভালোবাসার ফানুস’, ‘সেই ছেলেটা’, ‘না বলা ডায়েরি’, ‘বলা হলো না’, ‘এই রোদ এই বৃষ্টি’ ও ‘একা এই আমি’। অপূর্বর সঙ্গে অভিনীত প্রতিটি নাটকেই ভালো সাড়া পেয়েছেন বলে জানান শারলিন। নতুন নাটক ‘নীলপরী’ নিয়েও আশাবাদী তিনি।

বিরতি শেষে কাজে ফেরা নিয়ে শারলিন বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর নাটকে অভিনয় করে সত্যিই ভীষণ ভালো লাগছে। তা-ও আবার সহশিল্পী হিসেবে অপূর্ব ভাইয়াকে পেয়ে, এ ভালো লাগাটা যেন আরো বেশি ছিল। অপূর্ব ভাইয়া এমনই একজন সহশিল্পী, যিনি পাশে থাকলে অভিনয়টা যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। তিনি শুধু নিজের অভিনয় নিয়েই মনোযোগী থাকেন এমনটা নয়, সহশিল্পীর অভিনয় কেমন হলো, সেটাও ভাবনায় রাখেন। এমনটা আসলে সবাই ভাবেন না।’ নতুন নাটকের কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মাশরিকুল আলমের এ নাটকে কাজ করে ভীষণ ভালো লেগেছে। পরিচালক খুব যত্ন নিয়েই কাজটি করেছেন। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’

‘নীলপরী’ প্রচার হবে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে। এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন শারলিন। তবে এক্ষেত্রে গল্প তার ভালো লাগতে হবে বলেও জানান তিনি। শারলিন অভিনীত প্রথম সিনেমা ‘জাগো’। খিজির হায়াত খানের পরিচালনায় নির্মিত সিনেমাটির পর দীর্ঘ বিরতি দিয়ে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেন তিনি।

আরও