সিনেমা আমাদের অপরিচিত জগতে প্রবেশের সুযোগ দেয়

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। সম্প্রতি ‘তাবাহি’ গানটি প্রকাশের পর নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে আসেন কিয়ারা আদভানি।

গানটিতে কিয়ারা ও যশকে দেখা গেছে। এতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েই যত বিতর্ক। সম্প্রতি চলমান সমালোচনার জবাবে অভিনেত্রী জানিয়েছেন, কী কারণে তিনি সিনেমাটিতে নাদিয়া চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

মঙ্গলবার কিয়ারা তার ইনস্টাগ্রামে টক্সিকের শুটিং থেকে একটি ছবি পোস্ট করেন। ছবিটি পোস্ট করে কিয়ারা লেখেন, ‘চলচ্চিত্রের একটি অসাধারণ ক্ষমতা আছে—এগুলো আমাদের এমন সব জগতে প্রবেশের সুযোগ দেয়, যেসব জগতের সঙ্গে আমাদের আগে কখনো পরিচয় হয়নি। কখনো কখনো সেই প্রবেশটা আক্ষরিক অর্থেই ঘটে। প্রতিটি নতুন চরিত্র, প্রতিটি নতুন সেট, প্রতিটি চ্যালেঞ্জ আমাকে এমন কিছু শেখায়, যা আমি আগে জানতাম না যে আমি করতে পারি। এ ছবি আমাকে অপরিচিত বিষয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতে, কৌতূহলী থাকতে, শিখতে এবং পুরো অভিযাত্রার আনন্দ খুঁজে নিতে শিখিয়েছে।’

সম্প্রতি আপ কি আদালত অনুষ্ঠানে সিনেমার একটি দৃশ্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন যশ। তিনি বলেন, ‘দুটো চরিত্রের রসায়ন প্রকাশের জন্য নানা রকম দৃশ্যের প্রয়োজন হয়। আর বিশ্বাস করুন, আমরাও সবসময় নার্ভাস থাকি। এ ধরনের দৃশ্যে অভিনয় করার সময় আমরা সবসময় চুল, শরীর, নিজেদের দেখতে কেমন লাগছে—এসব নিয়ে ভাবি। এটা একজন অভিনেতার কাজ। এখন আপনারা সেখানে অভিনেতাদের দেখছেন, তাই এসব প্রশ্ন তুলছেন। কিন্তু তাদের চরিত্র হিসেবে দেখুন।’

সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশের এক অনুষ্ঠানে যশ কিয়ারার প্রশংসা করে বলেন, ‘কিয়ারা একজন অসাধারণ পেশাদার অভিনেত্রী। আমি কিছুটা চিন্তিত ছিলাম, কারণ কাজটি ছিল অত্যন্ত কঠিন। কিন্তু আমি দেখেছি, সে নিজেকে কতটা নিবেদিত করেছে। আমাকে বলতেই হবে, অন্তঃসত্ত্বা হওয়ার পরও সে শতভাগ পেশাদারত্ব নিয়ে কাজে এসেছে।’

টক্সিকে অভিনয় করেছেন যশ, কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সিনেমাটি ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও