দীর্ঘ বিরতির পর আবারো একসঙ্গে কাজ করলেন সুরকার রাজেশ ঘোষ ও কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজেশের সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। গত শনিবার গানটির রেকর্ডিং শেষ হয়েছে। নতুন এ কাজের খবর জানিয়েছেন রাজেশ।
দীর্ঘদিন পর আসিফের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রাজেশ বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে কাজ করলাম। এটা আসলে একটা বিশেষ প্রজেক্টের গান। পুরো প্রজেক্টের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে। তবে এটুকু বলতে পারি, আসিফ ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। তিনিও আমাকে সম্মান করেন, ভালোবাসেন। ফলে তার সঙ্গে গান করার অভিজ্ঞতা বরাবরই দারুণ।’
নতুন গানটির কথা ও সুর করেছেন রাজেশ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ধ্রুব মিউজিক স্টেশন থেকে গানটি প্রকাশ হবে। বিশেষ প্রজেক্টের অংশ হওয়ায় গানটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না রাজেশ।
রাজেশের সুরে আসিফের নতুন গান আসার খবর এরই মধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। কারণ বাংলা গানের একসময়কার জনপ্রিয় সুরকার-গায়ক জুটি হিসেবে তাদের রয়েছে দীর্ঘ পথচলা। রাজেশের সুরে আসিফের কণ্ঠে তৈরি হয়েছে বেশকিছু শ্রোতাপ্রিয় গান। ফলে দীর্ঘ আট বছর পর তাদের নতুন কাজ সামনে আসায় পুরনো গানগুলোর স্মৃতিও ফিরে আসছে শ্রোতাদের মধ্যে।
২০০০ সালের দিকে আসিফ আকবরের সঙ্গে রাজেশের পরিচয়। এর প্রায় এক বছর পর একসঙ্গে কাজ শুরু করেন তারা। প্রদীপ সাহার কথায় এবং রাজেশের সুরে আসিফের কণ্ঠে তখন একের পর এক গান প্রকাশ পেতে থাকে। সময়ের সঙ্গে এসব গান শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
রাজেশের সুরে আসিফের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’ ও ‘ডানা ভাঙা পাখির মতো’। এসব গানের মধ্য দিয়ে দেশের অডিও ইন্ডাস্ট্রিতে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছিলেন রাজেশ ও আসিফ।