ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতায় কৃতি শ্যানন

বলিউডে অভিষেকের পর ১২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কৃতি শ্যাননের কোনো সিনেমা প্রাপ্তবয়স্কদের রেটিং পেল

মুক্তির আগেই বলিউডে আলোচনায় রয়েছে ‘ককটেল ২’। শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানার এ সিনেমাকে ঘিরে দর্শকের আগ্রহ যখন তুঙ্গে, ঠিক তখনই এতে নতুন মাত্রা যোগ করল ভারতের সেন্সর বোর্ডের বড় একটি সিদ্ধান্ত। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে ‘এ’ অর্থাৎ শুধু প্রাপ্তবয়স্কদের জন্য (১৮+) সার্টিফিকেট দিয়েছে। হোমি আদাজানিয়া পরিচালিত ২ ঘণ্টা ৩০ মিনিট বা ১৫০ মিনিট দৈর্ঘ্যের এ রোমান্টিক-ড্রামাটি ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটির ‘এ’ সার্টিফিকেট তিন প্রধান তারকার ক্যারিয়ারেই অনন্য এক রেকর্ড তৈরি করেছে। ২০১৪ সালে বলিউডে অভিষেকের পর দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কৃতি শ্যাননের কোনো সিনেমা প্রাপ্তবয়স্কদের রেটিং পেল। অন্যদিকে ‘অ্যানিমেল’ সিনেমার পর এটি রাশমিকা মান্দানার দ্বিতীয় ‘এ’ সার্টিফায়েড হিন্দি সিনেমা। তবে সবচেয়ে বড় চমক শহীদ কাপুরের ক্ষেত্রে; ‘কামিনে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘কবির সিং’ এবং সর্বশেষ মুক্তি পাওয়া ‘ও রোমিও’-এর পর এটি তার ক্যারিয়ারের পঞ্চম ‘এ’ রেটিং পাওয়া সিনেমা।

প্রযোজক দিনেশ বিজন ও লাভ রঞ্জনের সিনেমাটি অবশ্য ২০১২ সালের সাইফ-দীপিকা-ডায়ানা অভিনীত ‘ককটেল’-এর সরাসরি সিকুয়াল বা রিমেক নয়। নির্মাতারা জানিয়েছেন, এটি সম্পূর্ণ নতুন এক গল্প, যেখানে আধুনিক প্রজন্মের প্রেম, বন্ধুত্ব, ঈর্ষা ও সম্পর্কের জটিল মনস্তত্ত্বকে একটু খোলামেলা এবং সাহসিকতার সঙ্গে তুলে ধরা হয়েছে। প্রথম কিস্তিতে দীপিকা পাড়ুকোনের ‘ভেরোনিকা’ চরিত্রটি যেভাবে আলোড়ন তুলেছিল, এবারো তেমন কিছুর আভাস পাওয়া যাচ্ছে ট্রেলারে। এরই মধ্যে ১৪ জুন মধ্যরাতে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবং প্রচারণার নানা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বক্স অফিসে বড় ধামাকার ইঙ্গিত দিচ্ছে ‘ককটেল ২’।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও