‘নতুন কুঁড়ি’র ফাইনাল পর্বের অডিশন শুরু ১ নভেম্বর

ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন, ঢাকা কেন্দ্রের রামপুরা প্রাঙ্গণে। ‘সেরা দশ’ পর্বের প্রতিটি শাখা ও বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন প্রতিযোগী ফাইনালে অংশ নেবে। তবে একই নম্বরপ্রাপ্ত একাধিক প্রতিযোগীও সুযোগ পাবেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-র ফাইনাল পর্বের অডিশন শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

ফাইনালে উত্তীর্ণ প্রতিযোগীদের প্রতি বিষয়ে ন্যূনতম তিনটি নতুন পরিবেশনার প্রস্তুতি থাকতে হবে। ফাইনালের আগে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে গ্রুমিং সেশন, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষক ও শিল্পীরা অংশগ্রহণকারীদের পারফরম্যান্স, উপস্থাপনা ও মঞ্চনৈপুণ্য উন্নত করার পরামর্শ দিয়েছেন। অভিভাবকদের অনুরোধে ৩১ অক্টোবরের নির্ধারিত দ্বিতীয় দিনের সেশন বাতিল করে এক দিনেই গ্রুমিং সম্পন্ন করা হয়।

ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন, ঢাকা কেন্দ্রের রামপুরা প্রাঙ্গণে। ‘সেরা দশ’ পর্বের প্রতিটি শাখা ও বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন প্রতিযোগী ফাইনালে অংশ নেবে। তবে একই নম্বরপ্রাপ্ত একাধিক প্রতিযোগীও সুযোগ পাবেন।

‘সেরা দশ’ পর্বের ফলাফল পাওয়া যাবে বিটিভির ওয়েবসাইটে । পাশাপাশি উত্তীর্ণ প্রতিযোগীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে ফাইনাল রাউন্ডের সময়সূচি। অডিশনের দিনে অংশগ্রহণকারীদের অবশ্যই ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্য টেলিভিশনে প্রচারিত স্ক্রল ও ওয়েবসাইটেও পাওয়া যাবে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত প্রতিভাবান শিশু-কিশোররা সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, অভিনয়সহ নানা বিভাগে নিজেদের প্রতিভা উপস্থাপন করবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে।

ফাইনাল পর্বের অনুষ্ঠানগুলো বিটিভিতে বিশেষ সময়সূচিতে প্রচারিত হবে। দর্শকরা চাইলে বাংলাদেশ টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও অনুষ্ঠানগুলো দেখতে পারবেন।

বহু বছর ধরে দেশের শিশু-কিশোরদের মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘নতুন কুঁড়ি’। এবারের আয়োজনে প্রত্যাশা, নতুন প্রজন্মের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এটি হয়ে উঠবে অনুপ্রেরণার মঞ্চ।

আরও