পূজায় মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

নতুন সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা ও অভিনয়শিল্পীরা

দুর্গা পূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিন সিনেমা—‘স্নেহের বন্ধন’, ‘কাটপিস’ ও ‘চিরকুট’।

উৎসবকে কেন্দ্র করে সিনেমা মুক্তির রেওয়াজ ঢালিউডে দীর্ঘদিনের। ঈদ, পূজা কিংবা অন্য কোনো উৎসবকে সামনে রেখে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নিয়ে আসেন নির্মাতারা। এবারো এর ব্যতিক্রম হচ্ছে না। দুর্গা পূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিন সিনেমা—‘স্নেহের বন্ধন’, ‘কাটপিস’ ও ‘চিরকুট’। সিনেমাগুলোয় ঢালিউডের বহুল পরিচিত তারকাদের উপস্থিতি না থাকলেও গল্প ও নির্মাণ নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কামরুজ্জামান পরিচালিত ও শাহ আলম প্রযোজিত স্নেহের বন্ধনে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। পারিবারিক আবেগের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আজ মুক্তি পাওয়ার কথা। সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে জয় চৌধুরী বলেন, ‘স্নেহের বন্ধন একটি পারিবারিক আবেগের সিনেমা। সিনেমার গল্পসহ সবকিছুই আমার ভালো লেগেছে। আমার বিশ্বাস, দর্শক সিনেমাটি দেখতে বসলে পুরোটা না দেখে উঠবে না।’

ঈদের বাইরেও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সিনেমা মুক্তির পরিবেশ তৈরি করা জরুরি বলে মনে করেন জয় চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদ ছাড়া অন্য সময় সিনেমা মুক্তি দেয়ার প্রবণতা এখন প্রায় নেই বললেই চলে। আমরা প্রচার-প্রচারণাসহ সব দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি পূজাকে কেন্দ্র করে একটা উৎসবের আবহ তৈরি করতে।’

ঝুট ব্যবসা, অর্থ, ক্ষমতা ও আধিপত্যের দ্বন্দ্বের পাশাপাশি পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত কাটপিস। ইফফাত জাহান মম পরিচালিত ও প্রযোজিত এ সিনেমায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সৌদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী। এরই মধ্যে সিনেমাটির একটি আইটেম গানও প্রকাশ হয়েছে। আজ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

কাটপিসের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন নানজীবা তোরসা। সিনেমায় মালা চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে তোরসা বলেন, ‘সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করার ইচ্ছা ছিল আমার। যদিও ওয়েব সিরিজ ও নাটকের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু হয়েছে, তবে প্রথম সিনেমা মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পেতে যাচ্ছে, এটা আমার জন্য বিশেষ ভালো লাগার বিষয়। সিনেমাটি এভাবে মুক্তি দিতে পরিচালকের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’

এ সিনেমার গল্পে বাস্তব জীবনের নানা ঘটনার প্রতিফলন রয়েছে বলে মনে করেন তোরসা। তিনি বলেন, ‘কাটপিসের গল্প খুবই বাস্তবধর্মী। একজন ঝুট ব্যবসায়ীর বাস্তব জীবন ও সে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। সিন্ডিকেট ও নানা ধরনের দ্বন্দ্বের কারণে যারা ক্ষতিগ্রস্ত হন, তারা সিনেমাটির সঙ্গে নিজেদের মেলাতে পারবেন। এসব ঘটনার প্রভাব তাদের ভালোবাসার মানুষ ও পরিবারের ওপর কীভাবে পড়ে, সেটিও দর্শক বুঝতে পারবেন।’

মালা চরিত্রটি নিজের ব্যক্তিত্বের চেয়ে আলাদা হওয়ায় অভিনয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে তোরসার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাটপিসের মালা চরিত্রটি আমার ব্যক্তিগত সত্তার চেয়ে একেবারেই আলাদা। কথা বলার ধরন, পোশাক ও চলাফেরায় আমাদের পার্থক্য রয়েছে। একজন অভিনেত্রী হিসেবে যেকোনো চরিত্রকে ধারণ করতে পারা জরুরি। মালার কথা বলার ধরন ও চলাফেরা নিজের মধ্যে ধারণ করাটা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তবে এটাকে চ্যালেঞ্জের চেয়ে সুন্দর একটি অভিজ্ঞতা ও নিরীক্ষা বলব। আশা করি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

অন্যদিকে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে চিরকুট। মুনতাসির আকিব পরিচালিত সিনেমাটিতে উঠে এসেছে তারুণ্য, বন্ধুত্ব, স্মৃতিকাতরতা ও প্রেমের গল্প। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জীব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদী খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন। সিনেমাটি আজ শুধু সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়ার কথা।

দেশের মানুষের জীবন ও আবেগের গল্প পর্দায় তুলে ধরার লক্ষ্য থেকেই চিরকুট নির্মাণ করেছেন মুনতাসির আকিব। তিনি বলেন, ‘চিরকুট বাস্তবধর্মী বিশুদ্ধ বাংলা সিনেমা। নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার গল্পে বাংলাদেশের মানুষের আবেগ, বাস্তবতা ও জীবনযাপনের ছাপ রয়েছে। গল্পের ভিন্নতা ও বিশেষত্বই আমাকে সিনেমাটি নির্মাণে অনুপ্রাণিত করেছে। অনেক সময় অন্য দেশ, উপন্যাস বা সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র নির্মিত হয়। তবে চিরকুট সে জায়গা থেকে আলাদা। এটি আমাদের দেশের মানুষের গল্প, একই সঙ্গে সরল ও নির্মল প্রেমের গল্প।’

পরিবার নিয়ে দেখার উপযোগী করে সিনেমাটি নির্মাণ করেছেন আকিব। দর্শকের কাছে এর গ্রহণযোগ্যতা নিয়ে আশাবাদী তিনি। তার ভাষায়, ‘পরিবার নিয়ে দেখার উপযোগী করে এ সিনেমা নির্মাণ করেছি, যেন দর্শক সুস্থ বিনোদন পায়। যারা দেশীয় ও শেকড়ের গল্প দেখতে পছন্দ করে, তাদের কাছে সিনেমাটি ভালো লাগবে বলে আশা করি। এর সহজ নির্মাণশৈলী ও গল্পের সঙ্গে যেকোনো দর্শকই নিজেকে মেলাতে পারবে।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অন্যপাতা’ দুর্গা পূজায় মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

আরও