জিটিভিতে আগামীকাল রোববার (৪ মে) রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে আলোঘর প্রকাশনা নিবেদিত শিল্প-সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ও সফল মানুষেরা। আর তারা শোনাচ্ছেন তাদের ব্যক্তিজীবনের কথা, বর্ণাঢ্য কর্মজীবনের কথা। প্রযোজক এইচ এম তানভীর হাসানের প্রযোজনায় এরই মধ্যে অনুষ্ঠানটির চার পর্বের ধারণ কাজ সম্পন্ন হয়েছে ।
আগামীকালের পর্বের অতিথি লেখক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। নতুন এ আয়োজন সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘টিভি চ্যানেলগুলো বিনোদনমূলক নানারকম অনুষ্ঠান প্রচার করলেও শিল্প-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান প্রচার করে না বললেই চলে। অথচ শিল্পমনা দর্শকদের এ ধরনের অনুষ্ঠানের প্রতি আগ্রহ রয়েছে। আর তাদের আগ্রহের কথা বিবেচনা করেই আলোঘর প্রকাশনা অনুষ্ঠানটি আয়োজন করেছে। আশা করছি এ অনুষ্ঠান দর্শকের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।’