দীর্ঘ সময় পর তুম্বাড়ের সিকুয়াল নির্মাণ হচ্ছে। সোহম শাহ ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর পাশাপাশি এতে যুক্ত হয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি শোনা যাচ্ছে, আলিয়া এ সিনেমার শুটিং শুরু করেছেন। সম্প্রতি তুম্বাড় টিমের সঙ্গে সেটেও দেখা গেছে তাকে।
সেট থেকে প্রকাশিত ছবিগুলোয় আলিয়াকে বেশ সাধারণ সাজে দেখা গেছে। অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা ডোরাকাটা শার্ট, চুল বাঁধা ছিল উঁচু পনিটেলে। ছবিতে তাকে শুটিং ইউনিটের কয়েকজন সদস্যের সঙ্গে পোজ দিতে দেখা যায়। জানা গেছে, চলমান শুটিংয়ের সময় সেটে গিয়েছিলেন আলিয়া। শুটিংয়ের এ পর্বে একটি নদী ও পুরনো দুর্গকে ঘিরে বেশকিছু দৃশ্য ধারণ করা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো।
‘তুম্বাড় টু’ হতে যাচ্ছে হরর ঘরানায় আলিয়ার প্রথম কাজ। কোন চরিত্রে আলিয়াকে দেখা যাবে সে সম্পর্কে গোপনীয়তা বজায় রাখছেন নির্মাতারা। নওয়াজউদ্দিনের চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আলিয়ার উপস্থিতি লোককথানির্ভর এ গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
আদেশ প্রসাদের পরিচালনায় নির্মাণ হচ্ছে তুম্বাড় টু। প্রথম সিনেমায় প্রতিষ্ঠিত পুরাণ ও লোকবিশ্বাসের জগৎকে সিকুয়ালে আরো বিস্তৃত করা হবে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, লোভ, ভয় ও মানবিক প্রবৃত্তির মতো বিষয়গুলোও গল্পের কেন্দ্রে থাকবে। তবে এবার কাহিনী প্রবেশ করবে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ে।
প্রথম পর্যায়ের শুটিংয়ের জন্য মুম্বাইয়ে প্রায় সাত-আট একর জায়গাজুড়ে বিশাল একটি সেট নির্মাণ করেছে প্রযোজনা দল। পুরো একটি শহরের আদলে তৈরি করা হয়েছে সেটটি। এখন পর্যন্ত হওয়া পরিকল্পনা অনুসারে ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে তুম্বাড় মুক্তির কথা।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস