শিল্পকলায় চলছে তিন দিনব্যাপী আর্টক্যাম্প

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে শিল্পকলা একাডেমিতে শুরু হলো নতুন আয়োজন।

জুলাইয়ের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় ধারণ ও উদযাপনের লক্ষ্যে আয়োজিত হয়েছে আর্টক্যাম্প ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’। গতকাল বেলা ১১টায় জাতীয় চিত্রশালা প্লাজায় আর্টক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫-১৭ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী আর্টক্যাম্পে দেশের ৫৫ জন দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পী অংশগ্রহণ করবেন। তারা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ, গণমানুষের সংগ্রাম এবং মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় ক্যানভাসে রূপায়িত করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। সম্মানিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম এবং শিল্পী ও অধ্যাপক ড. আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিগত সময়ে যে অনিয়ম-অবিচার হয়েছে তা যেন আর না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরই প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে উপজীব্য করে তিন দিনব্যাপী আর্টক্যাম্প আয়োজন করা হয়েছে। এ আর্টক্যাম্পে যেসব শিল্পী অংশগ্রহণ করছেন তাদের তুলির ছোঁয়ায় ভেসে উঠবে সেই জুলাইয়ের স্মৃতিগুলো।’

স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। আজ ৫৫ জন শিল্পীর অংশগ্রহণে এই আর্টক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আর্টক্যাম্পে যেসব ছবি আঁকা হবে সেগুলো নিয়ে জাতীয় পরিসরে প্রদর্শনীর আয়োজন করা হবে।’

আরও