মুক্তির ১৭ বছর পরও দর্শকের আগ্রহ ধরে রেখেছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’। এবার সিনেমাটির সিকুয়াল নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে নতুন কিস্তির চিত্রনাট্য শোনার অপেক্ষায় রয়েছেন অভিনেতা আমির খান। এনডিটিভি জানিয়েছে, সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির সিকুয়াল নিয়ে কথা বলেন আমির ও পরিচালক রাজকুমার হিরানি। আমির জানান, হিরানি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। দেশে ফেরার পর কয়েক সপ্তাহের মধ্যে তিনি চূড়ান্ত চিত্রনাট্যটি শোনার আশা করছেন। এর আগে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেয়া সাক্ষাৎকারে হিরানি জানিয়েছিলেন, মূল সিনেমার চরিত্রগুলোর ১৫-২০ বছর পরের জীবন নিয়ে তৈরি হচ্ছে নতুন গল্প। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত থ্রি ইডিয়টস মুক্তি পায় ২০০৯ সালে।