বিক্ষোভে অংশ নিয়ে বিপাকে ইমরান খান

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেন ইমরান।

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেয়ায় ভারত ছাড়ার নোটিস পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বের পাশাপাশি ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী এ অভিনেতাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে দেশটির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। এ পদক্ষেপের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইমরান। এরই মধ্যে তার প্রতি সমর্থন জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও ও অভিনেত্রী-সংগীতশিল্পী সাবা আজাদ।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেন ইমরান। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এ আন্দোলন শুরু হয়েছিল। বিক্ষোভ চলাকালে পুলিশ ইমরানকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

এরপর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরীট সোমাইয়া অভিযোগ করেন, মার্কিন নাগরিক হয়েও ভারতের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ইমরান অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআরআরও তাকে দেশ ছাড়ার নোটিস দেয়। কর্তৃপক্ষের অভিযোগ, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর বিধান লঙ্ঘন করেছেন অভিনেতা। এ ধারায় ভারতে বিদেশী নাগরিকদের প্রবেশ, প্রস্থান, অবস্থান ও চলাচল নিয়ন্ত্রণ বা সীমিত করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দেয়া হয়েছে। তবে নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইমরান। এ বিষয়ে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত এখনো আসেনি।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে তার প্রতি সমর্থন জানান চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘বাহ! এবার মুম্বাই পুলিশ?’ এরপর ইমরানের দীর্ঘদিনের ভারত-সম্পৃক্ততার কথা তুলে ধরে লেখেন, ‘‌৪৩ বছর বয়সী এ অভিনেতা জীবনের ৪০ বছরই ভারতে কাটিয়েছেন। এখানেই পড়াশোনা করেছেন, কাজ করেছেন, ভালোবেসেছেন এবং লড়াই করেছেন।’ তার এ বক্তব্যকে ইমরানের প্রতি সমর্থন হিসেবেই দেখছে ভারতীয় গণমাধ্যম।

সূত্র: বলিউড হাঙ্গামা

আরও