শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেন জেমস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছে জুলাইজুড়ে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছে জুলাইজুড়ে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ। 

এরই মধ্যে অনেকে তাদের ফেসবুক পেজ ও আইডি থেকে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানান দিয়েছেন। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গ্রেফতার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারা। শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দেশে চলমান কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত হয়েছেন অনেক তারকা। এবার সে তালিকায় যুক্ত হলেন জেমসও।

তারুণ্যের উন্মাদনা সবসময় ঘিরে থাকে তাকে। নতুন প্রজন্মের ভক্তরাও ‘গুরু’ বলে সম্বোধন করেন। আর সেই তরুণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন তাদের গুরু নগরবাউল জেমস। 

জেমস খুব বেশি কথা বলেন না। নিভৃত একাকিত্ব পছন্দ করেন। নিজের মতো সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত তিনি। কনসার্টের বাইরে তাকে অন্য কোথাও দেখা যায় খুব কম। এবার শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া মিলল তার। 

বৃহস্পতিবার লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন নগরবাউলখ্যাত জেমস। শুক্রবার দেখা গেল, সে ছবিতে ৫০ হাজার রিঅ্যাক্ট, ৩ হাজার ৮০০ মন্তব্য এবং শেয়ার হয়েছে ৩ হাজারের বেশি। মন্তব্যের ঘরে কৃতজ্ঞতা জানিয়ে সবাই শিল্পীর প্রশংসা করছেন, দিচ্ছেন ধন্যবাদ।

কেউ কেউ ছাত্র আন্দোলন নিয়ে জেমসের কাছে নতুন গানেরও আবদার তুলেছেন।

অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের ভোকাল মাকসুদুল হক। তিনি জানান, ৩ আগস্ট বেলা ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা সংগীতশিল্পী সবাই মিলিত হব রবীন্দ্রসরোবরে (ধানমন্ডি ৮/এ)। গানে গানে তাদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে অনেকেই ফেসবুক ওয়ালে প্রফাইল ও লাল রঙের কভার ফটো দিয়ে রেখেছেন।

আরও