একই মঞ্চে গাইলেন মিমি-রাজীব-লিজা

দুদিন আগে একটি স্টেজ শোয় একসঙ্গে গাইলেন মিমি আলাউদ্দিন, রাজীব ও লিজা।

নানা কারণে দেশে স্টেজ শো কম হচ্ছে। এর মধ্যে দুদিন আগে একটি স্টেজ শোয় একসঙ্গে গাইলেন মিমি আলাউদ্দিন, রাজীব ও লিজা। রাজীব সাধারণত অ্যাণ্ড্রু কিশোর, আইয়ূব বাচ্চুসহ অন্য সঙ্গীতশিল্পীদের গান গেয়ে থাকেন। পাশাপাশি নিজের মৌলিক গানও গেয়ে থাকেন। লিজা নিজের মৌলিক গান গাওয়ার পাশাপাশি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গাওয়া কিছু জনপ্রিয় গানও গেয়ে থাকেন। অন্যদিকে মিমি আলাউদ্দিন তার স্বামী প্রয়াত আলাউদ্দিন আলীর সুর করা গানগুলোই গেয়ে থাকেন।

সাম্প্রতিক স্টেজ শো নিয়ে রাজীব বলেন, ‘এই মুহুর্তে আসলেই দেশে স্টেজ শো কম। তারপরও টুকটাক যেসব স্টেজ শোতে গাইবার প্রস্তাব আসে তা করার চেষ্টা করি। আমি ঢাকা এবং ঢাকার বাইরে স্টেজ শোতে নিয়মিত গাই। যখন যেখানেই যাই শ্রোতোদের আবদার রাখার চেষ্টা করি।’

মিমি আলাউদ্দিন বলেন, ‘রাজীব ও লিজার সঙ্গে একই অনুষ্ঠানে গান গেয়ে ভীষণ ভালো লেগেছে। আমি বাংলাদেশের সিনেমার পুরোনো গানগুলোই গাই। এসব গান পরিবেশন করতে ভীষণ স্বাচ্ছন্দবোধ করি, শ্রোতাদেরও ভালোলাগে।’

লিজা বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এই সময়ে আসলেই স্টেজ শো অনেক কম। তারপরও আমি টুকটাক স্টেজ শো করছি। সার্বিকভাবে আসলে দেশের সঙ্গীতাঙ্গন এবং এর সাথে সংশ্লিস্টরা ভালো নেই। কবে যে এই পরিস্থিতির অবসান হবে, সেই অপেক্ষায় আছি।’

আরও