আসিফ আকবরের নতুন গান ‘তুমি শুধু তোমারই মতো’

কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার বিজয়ীদের একজন।

কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান প্রকাশ পেয়েছে। নবীন শিল্পী জ্যোতিকে সঙ্গে নিয়ে তিনি গেয়েছেন দ্বৈত গান ‘তুমি শুধু তোমারই মতো’। গানটি রেট্রো মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার বিজয়ীদের একজন। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এতে মডেল হয়েছেন তারেক জামান। এছাড়া গানটির ভিডিওতে দেখা যাবে আসিফ আকবরকেও।

নতুন শিল্পীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ও অনেক মেধাবী। তার গায়কী আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, সে বাংলা সংগীতের আকাশে একদিন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে।’

আসিফ আকবরের সঙ্গে গান গেয়ে উচ্ছ্বসিত জ্যোতি। তিনি বলেন, ‘নতুন শিল্পী হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে গান করতে পারা আমার কাছে স্বপ্নের মতো। তার গান শুনে বড় হয়েছি। আজ তার সঙ্গে গাইতে পেরে দারুণ আনন্দ হচ্ছে।’

গানটির সুর, সংগীত ও চিত্রায়ন নিয়ে আশাবাদী শিল্পীরা। তারা মনে করছেন, এটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

আরও