‘লজ্জা’য় নতুন রূপে নুসরাত ফারিয়া

আবদুল আজিজের গল্পে নির্মিত লজ্জা যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। আগামী বছরের ঈদে এ সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে।

ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন নুসরাত ফারিয়া। এবার লজ্জা নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। চরিত্রের প্রয়োজনে নিতে হয়েছে সামরিক প্রশিক্ষণও। এমএইচ খোকন পরিচালিত এ সিনেমার শুটিং হচ্ছে ঢাকার দিয়াবাড়ীতে। গত শনিবার সকালে ক্যামেরার সামনে দাঁড়ান নুসরাত ফারিয়া।

সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘এটি একটু ভিন্ন ঘরানার চলচ্চিত্র। এজন্য মিলিটারি ট্রেনিং নিতে হয়েছে।’

আবদুল আজিজের গল্পে নির্মিত লজ্জা যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। আগামী বছরের ঈদে এ সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে নুসরাত ফারিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির প্রযোজনায় ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘হিরো ৪২০’ (২০১৬), ‘বাদশা—দ্য ডন’ (২০১৬), ‘প্রেমী ও প্রেমী’ (২০১৭), ‘ধ্যাত তেরি কি’ (২০১৭), ‘বস ২’ (২০১৭), ‘ইন্সপেক্টর নটি কে’ (২০১৮) ও ‘জ্বীন-৩’ (২০২৫) সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ইন্সপেক্টর নটি কেতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে তাকে। এবার সামরিক প্রশিক্ষণ নিয়ে নতুন সিনেমায় কাজ করছেন এ অভিনেত্রী।

এদিকে নুসরাত ফারিয়া অভিনীত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে। অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে। ১৯৭১ সালে ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে দলটির ঐতিহাসিক ম্যাচের স্মরণে এ বছরের ২৫ জুলাই সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ সিনেমায় নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন আরিফিন শুভ, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদ।

অন্যদিকে নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ মুক্তির অপেক্ষায় রয়েছে আইস্ক্রিনে। ‘বরবাদ’ ও ‘রাক্ষস’খ্যাত মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান।

আরও