জেমস বন্ড চরিত্রের নতুন অভিনেতা খোঁজার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহান্তে খুব অল্পসংখ্যক অভিনেতার ক্যামেরার সামনে অডিশন দেয়ার কথা রয়েছে। তাদের মধ্য থেকেই বেছে নেয়া হতে পারে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র ০০৭-এর নতুন মুখ। খবর দ্য গার্ডিয়ান।
অডিশনে অংশ নিতে যাওয়া অভিনেতাদের মধ্যে রয়েছেন ক্যালাম টার্নার ও ‘স্লো হর্সেস’ সিরিজের জ্যাক লোডেন। লন্ডনে ক্যামেরার সামনে তাদের জেমস বন্ড চরিত্রে অভিনয়ের পরীক্ষা নেয়া হবে বলে জানা গেছে।
পরীক্ষায় তিনটি বিষয় গুরুত্ব পাবে—স্টান্ট করার দক্ষতা, ক্যামেরার সামনে উপস্থিতি এবং সংলাপ বলার ক্ষমতা। চরিত্রটির জন্য চূড়ান্ত পর্যায়ে থাকা অভিনেতার সংখ্যা তিন থেকে পাঁচজন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ সিনেমার পর ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ডের চরিত্র থেকে সরে দাঁড়ান।
জল্পনা থাকলেও ‘সিনার্স’ সিনেমার জ্যাক ও’কনেল এবং ‘উদারিং হাইটস’ সিনেমার অভিনেতা জ্যাকব এলর্ডি এই অডিশনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে হলিউড রিপোর্টার।
অ্যামাজন এমজিএম স্টুডিওর হয়ে জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা পরিচালনা করবেন ‘ডুন’ চলচ্চিত্রের নির্মাতা ডেনিস ভিলনভ। ২০২২ সালে ৮৪৫ কোটি ডলারের একটি চুক্তির অংশ হিসেবে সিরিজটির স্বত্ব কেনে প্রতিষ্ঠানটি। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর লেখক স্টিভেন নাইট।
গত বছর ব্রকলি পরিবারের কাছ থেকে সিরিজটির ‘সৃজনশীল নিয়ন্ত্রণ’ নিতে ১০০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করে অ্যামাজন। তবে নতুন বন্ড নির্বাচনের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো প্রতিষ্ঠানটি নিশ্চিত বা অস্বীকার—কোনোটিই করেনি। হলিউড রিপোর্টারের প্রশ্নের জবাবে আগের একটি বিবৃতি উল্লেখ করেছে তারা।
ওই বিবৃতিতে বলা হয়েছিল, ‘পরবর্তী জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া চলছে। অভিনেতা নির্বাচনের সময় নির্দিষ্ট কোনো তথ্য নিয়ে মন্তব্য করার পরিকল্পনা আমাদের নেই। তবে সঠিক সময়ে ০০৭-এর ভক্তদের সঙ্গে আরও খবর ভাগ করে নিতে আমরা আগ্রহী।’
গত এপ্রিলে অ্যামাজনের চলচ্চিত্র বিভাগের নির্বাহীরা নতুন বন্ডের নাম ঘোষণার জন্য ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। বহুল আলোচিত এই চরিত্রের জন্য অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানান তারা।
অ্যামাজনের চলচ্চিত্র বিভাগের প্রধান কোর্টনি ভ্যালেন্তি তখন বলেছিলেন, ‘আমি জানি, জেমস বন্ডের চরিত্রে কে অভিনয় করছেন, তা কবে ঘোষণা করা হবে, সেটি জানার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। তবে এখনই খুব বেশি উচ্ছ্বসিত হবেন না। আমরা অত্যন্ত যত্ন ও গভীর শ্রদ্ধার সঙ্গে কাজটি করছি, সেটি মনে রাখবেন। দর্শকদের সামনে এই সিরিজের পরবর্তী অধ্যায় তুলে ধরা আমাদের সবার জীবনের স্বপ্ন। আর এই দায়িত্বকে আমরা হালকাভাবে নিচ্ছি না।’
জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা পরিচালনার দায়িত্ব নেয়া ভিলনভ নিজেকে এই সিরিজের ‘একনিষ্ঠ ভক্ত’ হিসেবে বর্ণনা করেছেন। প্রায় এক দশক ধরে ‘ডুন’ সিরিজ নির্মাণে ব্যস্ত তিনি, আর বন্ড ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার সুযোগ সেই জগৎ থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করেছে বলে জানিয়েছেন ভিলনভ।
আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে ‘ডুন: মেসায়া’র। এ সিনেমা নিয়ে এম্পায়ার সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে ভিলনভ বলেন, ‘আমি ভেবেছিলাম, কাজটি শেষ হলে আরাকিস (ডুনের কল্পিত গ্রহ) থেকে আমাকে দূরে সরিয়ে নিতে শক্তিশালী কোনো রকেটের প্রয়োজন হবে। যখন আমাকে পরবর্তী বন্ড সিনেমাটি পরিচালনার প্রস্তাব দেয়া হলো, তখন বললাম, ঠিক আছে, আমার এটাই প্রয়োজন।’
জেমস বন্ড চরিত্রের জন্য সর্বশেষ পূর্ণাঙ্গ ক্যামেরা পরীক্ষা হয়েছিল দুই দশকেরও বেশি সময় আগে। ওই সময় ভবিষ্যতে সুপারম্যান চরিত্রে অভিনয় করা হেনরি ক্যাভিলকে এই চরিত্রের জন্য চূড়ান্ত পর্যায়ের একজন প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত চরিত্রটি পান ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে প্রথমবার বন্ড হিসেবে পর্দায় হাজির হন তিনি। প্রতিবেদন অনুযায়ী, সিরিজটির পরবর্তী সিনেমাটি ২০২৮ সালে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।