রজনীকান্ত ম্যাজিক

‘জেলার ২’-এর প্রথম দিনেই আয় ১২৫ কোটি রুপি

বক্স অফিসের হিসাব প্রকাশকারী ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্যমতে, ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনে ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে নিট আয় করেছে ৫৯ কোটি ৭০ লাখ রুপি।

সত্তর পেরিয়েও রজনীকান্তের পর্দায় উপস্থিতি যে দর্শকের আগ্রহে ভাটা ফেলেনি, তার প্রমাণ দিল ‘জেলার ২’। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। তবে বড় অংকের উদ্বোধনী আয়ও রজনীকান্তের নিজের গড়া রেকর্ড ভাঙতে পারেনি। গত বছর মুক্তি পাওয়া ‘কুলি’ এখনো তার সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের সিনেমা। এটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ১৫১ কোটি রুপি আয় করে।

বক্স অফিসের হিসাব প্রকাশকারী ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্যমতে, ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনে ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে নিট আয় করেছে ৫৯ কোটি ৭০ লাখ রুপি। করসহ মোট আয় দাঁড়িয়েছে ৭০ কোটি ২৫ লাখ রুপি। ভারতের বাইরের বাজার থেকে এসেছে আরো প্রায় ৫৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের বিশ্বব্যাপী আয় ১২৫ কোটি ২৫ লাখ রুপি।

সাধারণ প্রেক্ষাগৃহের পাশাপাশি আইম্যাক্স ফরম্যাটেও মুক্তি পেয়েছে ‘জেলার ২’। মুক্তিকে কেন্দ্র করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটকসহ ভারতের বিভিন্ন অঞ্চলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। দেশের বাইরেও উত্তর আমেরিকা, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের বাজারে সিনেমাটির ব্যবসা নিয়ে প্রত্যাশা রয়েছে।

ছবিটির আয়ের বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে। প্রথম দিনে এ সংস্করণের আয় ৪৩ কোটি ৩৫ লাখ রুপি। তেলেগু সংস্করণ থেকে এসেছে ১২ কোটি ৫০ লাখ রুপি। হিন্দি ও কন্নড় সংস্করণে আয় তুলনামূলক কম। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছে সান পিকচার্স। রজনীকান্তের পাশাপাশি এতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মোহনলাল, বিদ্যা বালান, মিথুন চক্রবর্তী ও সুরজ ভেঞ্জারামুডু। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

সূত্র: ডেকান হেরাল্ড

আরও